Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়

‘ডাম্পিং গ্রাউন্ড নয় অবকাশকালীন বেঞ্চ’, ভর্ৎসনা করে অভিষেকের আর্জি খারিজ হাই কোর্টে

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে অভিষেকের হয়ে দ্রুত শুনানির আবেদন জানান আইনজীবী। তিনি আদালতকে জানান, মামলাটি ডিসেম্বর মাসে শুনানির জন্য নির্ধারিত হয়েছে। কিন্তু এর মধ্যে সংবাদমাধ্যমে তাঁর মক্কেলের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত নানা খবর প্রকাশিত হচ্ছে। এই পরিস্থিতিতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা কঠিন। তাই অবিলম্বে শুনানির ব্যবস্থা করা হোক। তা সম্ভব না হলে মামলাটি অবকাশকালীন বেঞ্চে পাঠানো হোক।

কিন্তু অভিষেকের সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি। তিনি জানান, মামলাটি এর আগে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে উঠেছিল। পরে ডিভিশন বেঞ্চ ঘুরে মামলাটি তাঁর বেঞ্চে এসেছে। এই পরিস্থিতিতে দ্রুত শুনানি সম্ভব নয় বলেই জানান বিচারপতি। একই সঙ্গে অবকাশকালীন বেঞ্চে মামলা পাঠানোর আবেদনও গ্রহণ করেননি তিনি। তাঁর মন্তব্য, অবকাশকালীন বেঞ্চ কোনও ‘ডাম্পিং গ্রাউন্ড’ নয় যে সেখানে সব মামলা পাঠিয়ে দেওয়া যায় না।

Abhishek Banerjee
Abhishek Banerjee

রাজ্যে সরকার পরিবর্তনের পর একাধিক অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বিভিন্ন ঘটনায় তাঁকে কখনও পুলিশের, কখনও সিআইডির মুখোমুখি হতে হয়েছে। তদন্তকারী সংস্থাগুলি তাঁকে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে।অভিষেকের অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা তাঁকে কী কী প্রশ্ন করেছেন, তার বিস্তারিত বিবরণ পরে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। একাধিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়েছে বলে দাবি তাঁর।

তৃণমূল সাংসদের আরও অভিযোগ, গত ১১ জুন ভবানী ভবনে তাঁকে জিজ্ঞাসাবাদের সময় কী কী প্রশ্ন করা হয়েছিল, সেই তথ্যও সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। তদন্তের গোপনীয়তা বজায় রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ব্যক্তিগত তথ্য ও তদন্তের বিষয়বস্তু এ ভাবে প্রকাশ্যে আসায় তাঁর বিরুদ্ধে ‘মিডিয়া ট্রায়াল’ চালানো হচ্ছে বলে অভিযোগ অভিষেকের। এই অভিযোগের ভিত্তিতেই কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন তিনি। তবে জরুরি শুনানির আবেদন খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট। পুনরায় বৃহস্পতিবার আবেদন জানানো হলেও সেই আবেদন খারিজ করে দিলেন বিচারপতি।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।