Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী

গঙ্গাভাঙন রুখতে কেন্দ্রের দ্বারস্থ রাজ্য! জলশক্তি মন্ত্রীর বৈঠকে একাধিক দাবি মুখ্যমন্ত্রীর

Bengal Liberty : গঙ্গার ভাঙন রোধ থেকে ঘাটাল মাস্টার প্ল্যান, সুন্দরবনের নদীবাঁধ মেরামতি রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পে কেন্দ্রের সাহায্য চাইল পশ্চিমবঙ্গ সরকার। গঙ্গাভাঙন নিয়ে কয়েক মাস আগেই কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠিয়েছিল রাজ্য। সেই রিপোর্টের ভিত্তিতে মঙ্গলবার নয়াদিল্লিতে পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাতিল। বৈঠকে রাজ্যের নদীভাঙন ও বন্যা নিয়ন্ত্রণের বিষয়গুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মালদহ, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় গঙ্গার ভাঙন দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ। নদীর পাড় ভাঙতে থাকায় বহু মানুষের বসতভিটে ও জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে মালদার ভূতনির বিস্তৃর্ণ এলাকা চলে গেছে নদী গর্ভে। এই পরিস্থিতিতে ভাঙন প্রতিরোধে কেন্দ্রীয় সহায়তা ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছে রাজ্য সরকার।

এদিনের বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। পাশাপাশি সুন্দরবন অঞ্চলে নদীবাঁধের সুরক্ষা এবং মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বন্যা নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রের সহযোগিতা চাওয়া হয়েছে। রাজ্যের দাবি, এই প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়ন হলে একাধিক জেলার মানুষ বন্যা ও নদীভাঙনের বিপদ থেকে অনেকটাই সুরাহা পেতে পারেন।

গঙ্গার ভাঙনে ঘরবাড়ি ও জমি হারানোর আশঙ্কায় থাকা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই কেন্দ্রের সঙ্গে সমন্বয় বাড়ানোর উদ্যোগ বলে জানিয়েছে রাজ্য। তবে বৈঠকে আলোচিত বিষয়গুলির ভিত্তিতে কেন্দ্রের তরফে কী পদক্ষেপ করা হবে, সে বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত এখনও প্রকাশ্যে আসেনি।

নদীভাঙন ও বন্যা নিয়ন্ত্রণের মতো দীর্ঘমেয়াদি সমস্যার সমাধানে কেন্দ্র-রাজ্য সমন্বয় কতটা কার্যওকর হয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট জেলাগুলির বাসিন্দাদের।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।