Bengal Liberty : ‘মুক্তহস্তে কাজ করার পূর্ণ স্বাধীনতা আছে,’ একই দিনে গাইঘাটা ও সামশেরগঞ্জে দুটি এনকাউন্টারের ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার রাতে ভবানী ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নির্দিষ্ট পরিস্থিতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পুলিশকে দেওয়া রয়েছে। প্রয়োজনে সর্বোচ্চ পদক্ষেপ করার নির্দেশও দেওয়া রয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার রাতে ভবানী ভবন থেকে বেরোনোর সময় সাংবাদিকেরা একই দিনে ঘটে যাওয়া দুটি এনকাউন্টার নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের কাছে দুটি বিষয়ে স্পষ্ট নির্দেশ রয়েছে। প্রথমত, রাজ্যকে নেশামুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। দ্বিতীয়ত, নারীদের ওপর কোনো ধরনের অত্যাচারের ঘটনা ঘটলে পরিস্থিতি বিচার করে পুলিশকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।
মুখ্যমন্ত্রীর বক্তব্যে গাইঘাটা ও সামশেরগঞ্জের ঘটনাও উঠে আসে। তাঁর কথায়, পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করার ক্ষমতা পুলিশের রয়েছে এবং আত্মরক্ষার স্বার্থে পুলিশ যা করেছে, তার পাশে তিনি আছেন—সেটাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
আরও খবর
উল্লেখ্য, গাইঘাটায় একাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। পুলিশ সূত্রে দাবি, ঘটনার পুনর্নির্মাণের সময় অভিযুক্ত পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করে। ফলে আত্মরক্ষার স্বার্থে পুলিশ গুলি চালায়। অন্যদিকে, সামশেরগঞ্জের এনকাউন্টারের ঘটনাটি ঘিরেও প্রশ্ন উঠেছে।
নতুন সরকারের অধীনে পুলিশের ভূমিকা নিয়ে রাজ্যজুড়ে চর্চা শুরু হয়েছে। বিগত সরকারের আমলে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠলেও, বর্তমান সরকারের অধীনে পুলিশের এই ভূমিকা নজিরবিহীন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


