Weather Alert
Weather Alert

পুজোর শেষ দু’দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে?

পুজোর শেষ দু’দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। ফলে নবমী ও দশমীতে ঠাকুর দেখা কিংবা বিসর্জনের পরিকল্পনা থাকলে আবহাওয়া নিয়ে আপাতত বড় কোনও দুশ্চিন্তার কারণ নেই।

কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে শহর-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে উল্লেখযোগ্য দুর্যোগের পূর্বাভাস নেই। দিনের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকলেও রাত থেকে ভোরের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে। সব মিলিয়ে পুজোর শেষ পর্বে বৃষ্টির দাপট থেকে কিছুটা স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার-উত্তরের এই পাঁচ জেলায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। একই পরিস্থিতি থাকতে পারে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও। সব মিলিয়ে, বাংলায় পুজোর শেষ দু’দিন বৃষ্টির আশঙ্কা তুলনামূলকভাবে কম।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।