Bengal Liberty : আজ বিজয়া দশমী। মা দুর্গাকে বিদায় জানানোর পালা। উৎসবের শেষ দিনে মন খারাপ বাঙালির। এরই মধ্যে বুধবার সকাল থেকে আকাশের মুখ ভার। বইছে ঠান্ডা হাওয়াও। তাই মেঘলা আকাশ দেখে অনেকের মনেই প্রশ্ন, বিজয়ার দিনে বৃষ্টিতে ভিজবে কি কলকাতা-সহ বাংলা? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অবশ্য স্বস্তি দিচ্ছে। বুধবার দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সাত দিন রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিজয়া দশমীতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন দক্ষিণবঙ্গ-সহ গোটা রাজ্যেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ফলে প্রতিমা নিরঞ্জন বা বিজয়ার অন্যান্য কাজে বৃষ্টির বাধা আসার আশঙ্কা নেই। কলকাতার আকাশ অবশ্য সারাদিন মেঘলা থাকতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ ও ঠান্ডা হাওয়ায় আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের অনুভূতি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও আজ বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার-কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া দফতর। একই পূর্বাভাস রয়েছে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রেও। সব মিলিয়ে, বিজয়া দশমীতে বাংলার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির আশঙ্কা নেই বললেই চলে। আপাতত শুষ্ক আবহাওয়াতেই উৎসবের শেষ দিন কাটবে রাজ্যবাসীর।


