Bengal Liberty : ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এর প্রভাবে দেশের বিভিন্ন প্রান্তে কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও তুষারপাতের পরিস্থিতি তৈরি হতে পারে। এই আবহাওয়ার প্রভাব থেকে বাদ পড়বে না পশ্চিমবঙ্গও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও মাঝারি, আবার কোথাও হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আপাতত বৃষ্টির দাপট থাকলেও আগামী ১৩ নভেম্বর থেকে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশের মুখ ভার থাকার পাশাপাশি বৃষ্টির দেখা মিলতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তুলনায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বুধবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বজায় থাকতে পারে। তবে ১৩ নভেম্বর থেকে আবহাওয়ার পরিবর্তনের যে ইঙ্গিত মিলেছে, তাতে আগামী কয়েক দিন বাংলার আবহাওয়ার দিকে বিশেষ নজর থাকবে।


