Garulia News: গারুলিয়ায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ৩

Bengal Liberty

নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গারুলিয়া পৌরসভা এলাকায় নৃশংসভাবে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে (Garulia News) । মৃতের নাম শেখর চৌধুরী ওরফে বান্টি (৩০)। তিনি নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়ের আপ্তসহায়ক হিসেবে কাজ করতেন বলে জানা গিয়েছে। একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে। সেখানে কয়েকজন বান্টিকে ঘিরে মারধর করতে দেখা যাচ্ছে বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গারুলিয়ায় মা, স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকতেন বান্টি। অভিযোগ, গত বুধবার রাতে তাঁর বাড়ির পাশের একটি ক্লাবে কয়েকজন যুবক মদ্যপান করছিলেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতেই তাঁদের সঙ্গে বান্টির বচসা শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়।এরপর কয়েকজন যুবক মিলে বান্টির উপর চড়াও হন। তাঁকে ইট দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করা হয়।

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু Garulia News

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রাক্তন বিধায়ক সুনীল সিং এবং তাঁর ছেলে। গুরুতর আহত বান্টিকে প্রথমে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়।

বান্টির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সোমবার সকাল থেকে গারুলিয়া এলাকায় উত্তেজনা তৈরি হয়। ইতিমধ্যেই ঘটনায় বিকি চৌধুরী, আমান চৌধুরী ও পিন্টু চৌধুরী নামে তিনজনকে গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিশ। সূত্রের খবর, ধৃতদের বিরুদ্ধে এর আগেও নিষিদ্ধ মাদক বিক্রির অভিযোগ-সহ একাধিক মামলা রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ফের এলাকায় মাদক কারবারের অভিযোগ সামনে এসেছে।

মাদক কারবার নিয়ে ক্ষোভ

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, গারুলিয়া ও নোয়াপাড়া থানা এলাকায় দীর্ঘদিন ধরেই হেরোইন-সহ নিষিদ্ধ মাদক বিক্রির অভিযোগ রয়েছে। প্রশাসনের নজরে বিষয়টি থাকলেও কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তাঁদের।

অন্যদিকে, প্রাক্তন বিধায়ক সুনীল সিংও এলাকায় হেরোইন বিক্রির অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, প্রকাশ্যে কীভাবে এই ধরনের মাদক কারবার চলছে এবং পুলিশ কেন কার্যকরী পদক্ষেপ করতে পারছে না, তা খতিয়ে দেখা প্রয়োজন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন তিনি। পাশাপাশি, ঘটনার রাতের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে বান্টিকে কয়েকজন যুবক ঘিরে ধরে মারধর করছে এবং ইট দিয়ে আঘাত করছে বলে অভিযোগ। সেই ফুটেজকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
Advertisement

পরিবারের পাশে অর্জুন সিং

বান্টির মৃত্যুর খবর পেয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে ঘটনাস্থলে যান নোয়াপাড়ার বিধায়ক তথা রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি সমস্ত ধরনের সহযোগিতারও আশ্বাস দেওয়া হয়েছে। নোয়াপাড়া থানার পুলিশ ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সিসিটিভি ফুটেজ-সহ ঘটনার সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। হামলার পিছনে আর কেউ জড়িত রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার। ঘটনার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury