Bengal Liberty, ১৬ জুন: তৃণমূল কংগ্রেস নেতা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে রিজেন্ট পার্ক মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
অভিযোগকারিণীর দাবি, ২০১৫ সালে কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নিউ আলিপুর এলাকায় রাস্তার ধারে একটি দোকান বসানোর অনুমতি পাওয়ার জন্য তিনি তৎকালীন কাউন্সিলর জুঁই বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর অভিযোগ, কাউন্সিলর তাঁকে জানান যে বিষয়টি তাঁর আওতাভুক্ত নয় এবং স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

রিজেন্ট পার্ক মহিলা থানায় অভিযোগ দায়ের (Swarup Biswas)
মহিলার অভিযোগ, এরপর স্বরূপ বিশ্বাস সঙ্গে যোগাযোগ করলে দোকানের অনুমতি পাইয়ে দেওয়ার জন্য তাঁর কাছে ৮০ লক্ষ টাকা দাবি করা হয়। পাশাপাশি, রাতের দিকে সুরুচি সংঘের ক্লাব প্রাঙ্গণে একা দেখা করতে বলা হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি।
আরও খবর
উল্লেখ্য, সম্প্রতি সুরুচি সংঘের ক্লাব প্রাঙ্গণ নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। তবে বর্তমান অভিযোগের সঙ্গে সেই ঘটনার কোনও প্রত্যক্ষ যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে খবর, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযোগের বিষয়ে স্বরূপ বিশ্বাস বা সংশ্লিষ্ট পক্ষের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।


