EC Set to meeting
Bengal Liberty: দেশজুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি শেষ পর্যায়ে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার আগে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। বুধবার ও বৃহস্পতিবার দিল্লির দ্বারকায় ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট-এ অনুষ্ঠিত হবে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দুই দিনের এই সম্মেলন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ওই সম্মেলনে সব মুখ্য নির্বাচনী আধিকারিকের উপস্থিতি বাধ্যতামূলক। তাঁদের সঙ্গে থাকতে হবে ভোটার তালিকা সংশোধনের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত বা যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মিডিয়া সমন্বয়কারীদেরকেও।

মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো চিঠিতে বলা হয়েছে,(SIR update)
এই সম্মেলনে প্রতিনিধিদের সঙ্গে বিশদ আলোচনা করে বিশেষ নিবিড় সংশোধনী অভিযানকে আরও স্বচ্ছ্বভাবে কার্যকর করার জন্য রূপরেখা তৈরি করা হবে। পাশাপাশি রাজ্যগুলির মধ্যে সেরা কার্যপদ্ধতির বিনিময় ও ভোটার তালিকা প্রস্তুতিতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েও বিস্তারিত পর্যালোচনা হবে এই বৈঠকে। ২২ অক্টোবর বিকেল তিনটা থেকে শুরু হবে বৈঠক। চলবে ২৩ অক্টোবর দুপুর পর্যন্ত। এই সম্মেলনে বিশেষভাবে আলোচনা হবে এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত প্রস্তুতি, বাস্তবায়ন ও তদারকি নিয়ে। কমিশনের তরফে জানানো হয়েছে, প্রতিটি রাজ্যে যাতে সংশোধনী অভিযান নির্ভুলভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে নির্দেশ দেওয়া হবে বৈঠক বা সম্মেলনে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যের তুলনায় এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতির কাজ পিছিয়ে। যথেষ্ট ধীরগতিতে চলছে বলে জানান কমিশনের পদাধিকারীরা। এস আই এর প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে এসে রাজ্যের জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে ডেপুটি নির্বাচন কমিশনার তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত জ্ঞানেশ ভারতী স্পষ্টই জানিয়েছিলেন, অন্যান্য রাজ্যে যখন এস আই আর প্রস্তুতির কাজ প্রায় শেষ। তখন পশ্চিমবঙ্গে এই কর্মসূচি যথেষ্ট পিছিয়ে। বিশেষ করে আগামী বছরে নির্বাচনমুখী রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গেই সবচেয়ে পিছিয়ে রয়েছে এসআইআর প্রস্তুতির কাজ। ভিত্তি বর্ষ ২০০২-এর ভোটার তালিকার সঙ্গে চলতি বছরের শেষে প্রকাশিত ভোটার তালিকার ম্যাপিংয়ের কাজ, বি এল এবং বিএলও সুপারভাইজার নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের কাজ, কমিশনের গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট পদমর্যাদার ইলেক্টোরাল রেজিস্টেশন অফিসার নিয়োগের কাজ পশ্চিমবঙ্গে যথেষ্ট দীর্ঘ বলেও জানানো হয়েছে কমিশনের পদাধিকারীদের পক্ষ থেকে। গত ১৫ অক্টোবরের মধ্যে ম্যাপিং এর কাজ সম্পূর্ণ করার মৌখিক নির্দেশ কমিশনের পক্ষ থেকে দেওয়া হলেও, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পূর্ণ করা যায়নি। উৎসব মরশুমের সরকারি ছুটি ও কর্মীস্বল্পতা, কোথাও প্রাকৃতিক দুর্যোগ আবার কোথাও ২০০২ সালের মূল ভোটার তালিকা না মেলায় নানা কারণে কাজের গতি কিছুটা শ্লথ হয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যে কমিশনের নির্দেশ অনুযায়ী এসআইআর প্রস্তুতির কাজ প্রায় চূড়ান্ত হয়েছে। এই অবস্থায় দীপাবলি শেষ হওয়ার পর দেশজুড়ে মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই সম্মেলন ঘিরে আগ্রহ তুঙ্গে। এমনিতেই দীপাবলি ও তারপর ছট পুজো শেষ হলে দেশজুড়ে এসআইআর নিয়ে ঘোষণা করার প্রাথমিক ইঙ্গিত রয়েছে নির্বাচন কমিশন সূত্রে। তার উপর বুধ ও বৃহস্পতিবার প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২৬ জন মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে কমিশনের এসআইআর সংক্রান্ত এই সম্মেলন সেই সম্ভাবনায় ঘি ঢেলেছে তা বলাই বাহুল্য।

