Indian Railway
Bengal liberty Desk, ২১ ডিসেম্বর, কলকাতা: ফের আবারও বাড়ছে দূরপাল্লার যাত্রিবাহী ট্রেনের ভাড়া। চলতি বছরে এ নিয়ে বছরে দু’বার দূরপাল্লার ট্রেনের ভাড়া বৃদ্ধি করল রেল। এই বছরের জুলাই মাসেই দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস, এই দুই ধরনের ট্রেনের টিকিটের ভাড়া বাড়ানো হয়েছিল। আবারও একই ভাবে দূরপাল্লার যাত্রায় ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল। জানানো হয়েছে,বড়দিনের পর দিন অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হবে। দূরপাল্লারআর ট্রেনের ভাড়া বাড়লেও লোকাল ট্রেনের ও নিত্যযাত্রীদের সিজ়ন টিকিটের ভাড়া থাকছে অপরিবর্তিত। নতুন করে ভাড়া বাড়ানোয় রেল আশাবাদী চলতি বছরে নতুন ভাড়া কাঠামোয় প্রায় ৬০০ কোটি টাকা অতিরিক্ত আয় করবে তারা।
দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়ছে! (Indian Railway)
রেল সূত্রে জানা গেছে,দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস— এই দুই ধরনের ট্রেনের টিকিটের ভাড়া বাড়ছে। এবং এসি, নন-এসি— দুই শ্রেণির সংরক্ষিত টিকিটের ভাড়া বাড়ছে। ভাড়া বাড়ার অঙ্কটা হবে কিলোমিটারের ভিত্তিতে। এমনকি নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে অসংরক্ষিত টিকিটের (জেনারেল) ভাড়া বৃদ্ধির ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী,দূরপাল্লা ট্রেনে সাধারণ শ্রেণিতে ২১৫ কিলোমিটার পর্যন্ত যাত্রা করলে অতিরিক্ত ভাড়া গুনতে হবে না। তার বেশি হলেই প্রতি কিলোমিটারে এক পয়সা করে ভাড়া বৃদ্ধি করছে রেল। এছাড়া,দূরপাল্লার মেল এবং এক্সপ্রেসে প্রতি কিলোমিটারে দু’পয়সা করে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসিতে প্রতি কিলোমিটারে দু’পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে রেল। অর্থাৎ নন এসিতে ৫০০ কিলোমিটার যাতায়াতে যাত্রীদের অতিরিক্ত ১০ টাকা দিতে হবে।
চলতি বছরের জুলাই মাসে দূরপাল্লার ট্রেনের নন-এসি দ্বিতীয় শ্রেণি এবং স্লিপার বা প্রথম শ্রেণির অসংরক্ষিত টিকিটের ভাড়া প্রতি কিলোমিটারে আধ পয়সা করে বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছিল। নন-এসি সংরক্ষিত টিকিটের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে এক পয়সা করে এবং এসির ক্ষেত্রে কিলোমিটার পিছু দু’পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছিল। পুনরায় ২৬ তারিখ থেকে প্রায় একই হারে ভাড়া বৃদ্ধি করতে চলেছে রেল।
