Lagnajita Chakraborty
Bengal liberty Desk, ২১ ডিসেম্বর, কলকাতা: স্টেজ শো চলাকালীন ‘জাগো মা’ গান গাওয়ার অভিযোগে হেনস্থার শিকার হলেন জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী-এমনই অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্যে (Lagnajita Chakraborty)। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতা মেহবুব মল্লিক ‘সেকুলার গান’ গাওয়ার জন্য চাপ দিয়ে গায়িকার উপর হামলার চেষ্টা করেন। যদিও এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনা আসলে কী? (Lagnajita Chakraborty)
শনিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায় একটি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে যান লগ্নজিতা। অভিযোগ, অনুষ্ঠানের সপ্তম গান হিসেবে তিনি গাওয়ার পরই এক ব্যক্তি লোকজন নিয়ে মঞ্চে উঠে তাঁকে হুমকি দেন। ওই গানটি ছিল দুর্গাপুজোয় মুক্তিপ্রাপ্ত ছবি ‘দেবী চৌধুরাণী’-র গান ‘জাগো মা’।
এই ঘটনার পর রবিবার সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা দাবি করেন,
“লগ্নজিতাকে বলা হয়-‘অনেক জাগো মা হয়েছে, এবার সেকুলার গান গাও, না হলে পেটাব।’ একজন মহিলা শিল্পীর সঙ্গে এ ধরনের আচরণ চরম নিন্দনীয়।”
বিজেপির অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি তৃণমূল নেতা মেহবুব মল্লিক, যিনি অনুষ্ঠান আয়োজনকারী স্কুলের সঙ্গে যুক্ত। শঙ্কুদেবের দাবি, লগ্নজিতা নিজেই লিখিত অভিযোগ দায়ের করেছেন, তবে ভগবানপুর থানায় এফআইআর না করে শুধুমাত্র জেনারেল ডায়েরি করা হয়েছে। কেন এখনও গ্রেফতার হয়নি অভিযুক্ত, তা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতা।
এক সংবাদমাধ্যমে লগ্নজিতা চক্রবর্তী জানান,
“ওই ব্যক্তি হঠাৎ দৌড়ে মঞ্চে উঠে আমার খুব কাছে চলে আসেন। মারতে উঠেছিলেন। তখন কয়েকজন বাধা দেন। তখনই উনি চিৎকার করে বলেন-‘সেকুলার গান গাও।’ এর পর আমার পক্ষে অনুষ্ঠান চালানো সম্ভব ছিল না।”
বিজেপির আরও অভিযোগ, থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে পুলিশ জিডি করতেই রাজি হয়নি। পরে চাপের মুখে জিডি নেওয়া হলেও বিষয়টি মিটমাট করার প্রস্তাব দেওয়া হয়। এমনকি অনুষ্ঠানের সিসিটিভি ফুটেজ তুলে নেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে।
এই ঘটনায় বিজেপি এটিকে শিল্পীর স্বাধীনতার উপর সরাসরি আক্রমণ বলে দাবি করেছে। শঙ্কুদেব পণ্ডার বক্তব্য, “একজন শিল্পী গান গাইতে গিয়ে নিরাপত্তা পাবেন না, থানায় গিয়ে এফআইআরও হবে না। এটাই কি তৃণমূলের সেকুলারিজম?”
ঘটনার পর থেকে টলিপাড়ায় তীব্র চর্চা শুরু হয়েছে। অনুষ্ঠানে গান গাইতে গিয়ে একজন শিল্পী এইভাবে হেনস্থার শিকার হলে পুলিশ কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে শিল্পীমহল।
