Aligarh Shooting Case
Bengal Liberty Desk, ২৫ ডিসেম্বর, কলকাতা: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (AMU) ক্যাম্পাসে গুলি করে খুন করা হয় এক স্কুলশিক্ষককে। নিহত শিক্ষকের নাম দানিশ রাও (Danish Rao)। তিনি দীর্ঘ ১১ বছর ধরে ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত এবিকে হাইস্কুলে কম্পিউটার সায়েন্স পড়াতেন (Aligarh Shooting Case)।
ঘটনার বিবরণ (Aligarh Shooting Case)
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত প্রায় ৮টা ৫০ মিনিট নাগাদ দানিশ রাও তাঁর দুই সহকর্মীর সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় স্কুটারে করে আসা দুই যুবক তাঁদের পথ আটকায়। এমনকি হাতে পিস্তল নিয়ে হুমকি দেয় বলেও জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গুলি চালানোর ঠিক আগে হামলাকারীদের একজন দানিশকে উদ্দেশ করে বলে,
“এখনও আমাকে চেনো না, এবার চিনবে।” এই কথা বলেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শিক্ষক দানিশের মাথা লক্ষ্য করে পর পর তিনটি গুলি চালান ওই যুবক। অন্তত তিনটি গুলি তাঁর শরীরে লাগে, যার মধ্যে দুটি গুলি মাথায় লাগে। ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কাছাকাছি এলাকায়।
গুলিবিদ্ধ অবস্থায় দানিশ রাওকে দ্রুত জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আলিগড়ের পুলিশ সুপার নীরজ যাদব জানান, অভিযুক্তদের ধরতে ছ’টি পুলিশ দল গঠন করা হয়েছে। ক্যাম্পাস ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
এই হত্যাকাণ্ডের পর গোটা এএমইউ ক্যাম্পাসে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে দুষ্কৃতীরা ক্যাম্পাসে ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
উল্লেখযোগ্যভাবে, এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই উত্তরপ্রদেশ বিধানসভায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, উন্নত নিরাপত্তার কারণেই রাজ্যে বিনিয়োগ বাড়ছে। সেই দাবির মধ্যেই এএমইউ ক্যাম্পাসে এই হত্যাকাণ্ড নতুন করে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিতর্ক উসকে দিয়েছে।
