SIR West Bengal Magrahat
Bengal Liberty Desk, ২৯ ডিসেম্বর, কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া খতিয়ে দেখতে গিয়ে ফের অশান্তির মুখে পড়ল নির্বাচন কমিশন (Election commission)। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে সোমবার কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগানের (C Murugan) গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।বিক্ষোভকারীদের আঘাতে গাড়ির কাচ ভেঙে যায় বলেও জানা গিয়েছে। এর আগে বিক্ষোভে আটকে পড়ার ঘটনা ঘটলেও, এ বার পরিস্থিতি আরও গুরুতর রূপ নেয়। তৃণমূল নেতার মদতেই বিক্ষোভের অভিযোগ উঠেছে (SIR West Bengal Magrahat)।
ঘটনার কারণ (SIR West Bengal Magrahat)
সোমবার মগরাহাটের (Magrahat) একটি শুনানি কেন্দ্রে এসআইআর সংক্রান্ত নথিপত্র যাচাই করতে যান সি মুরুগান। শুনানির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে একাংশ ভোটার বিক্ষোভে শামিল হন। কেন বিএলএ-২ প্রতিনিধিদের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের ক্ষেত্রে কেন বাড়ি গিয়ে শুনানি হচ্ছে না— এই দুই বিষয়েই ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা।

ঘটনার বৃত্তান্ত (SIR West Bengal Magrahat)
সকালে একটি স্কুলে তৈরি হওয়া হিয়ারিং সেন্টারে নথি পরীক্ষা করছিলেন কমিশনের পর্যবেক্ষক। মাইক্রো অবজার্ভারের সঙ্গে আলোচনাও চলছিল। সেই সময় শতাধিক মানুষ স্কুল চত্বরে জমায়েত হন। পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বুঝে উস্থি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়।
পরিস্থিতির আঁচ পেয়ে মুরুগান স্কুল ভবন থেকে বেরোতেই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভকারীরা। বিএলএ-২দের শুনানিতে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তের কারণ জানতে চাওয়া হয়। উত্তেজনার মধ্যেও দায়িত্ব পালনে অটল থেকে মুরুগান মাইক্রো অবজার্ভারের সঙ্গে কথা বলেন এবং নথি যাচাই ঠিকভাবে হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেন। কোথাও কোনও সমস্যা হলে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেন তিনি।
তৃণমূল নেতার মদত
অভিযোগ, সেখান থেকে বেরোনোর সময় দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা মুজিবর রহমানের নেতৃত্বে বিক্ষোভকারীরা ফের তাঁকে ঘিরে ধরে। সেই সময়ই মুরুগানের গাড়িতে হামলা চালানো হয় এবং কাচ ভেঙে দেওয়া হয় বলেই অভিযোগ।
এর আগেও দক্ষিণ ২৪ পরগনায় এসআইআর সংক্রান্ত কাজ খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন কমিশনের পর্যবেক্ষক। কিন্তু এ বার বিক্ষোভ ছাড়িয়ে সরাসরি হামলার ঘটনায় উদ্বেগ বেড়েছে প্রশাসনিক ও নির্বাচন কমিশন মহলে। ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় এই ধরনের অশান্তি ও হামলা নিয়ে কমিশনের তরফে রিপোর্ট তলব করা হতে পারে বলে সূত্রের খবর।
