Artist Forum strike
Bengal Liberty, Kolkata :
টলিউড ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া, আর সেই শোকই এবার রূপ নিয়েছে প্রতিবাদে। প্রয়াত অভিনেতা রাহুলের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে শিল্পীমহল। ‘জাস্টিস ফর রাহুল’ দাবিকে সামনে রেখে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতির ঘোষণা করল আর্টিস্ট ফোরাম। তাঁদের স্পষ্ট বক্তব্য—শুটিং সেটে শিল্পীদের সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে।

জরুরি বৈঠকে সিদ্ধান্ত
রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) কৌশিক গাঙ্গুলি (Kaushik Ganguly)এবং প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)-সহ টলিউডের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। আলোচনা শেষে সর্বসম্মতভাবে শিল্পীদের নিরাপত্তা ইস্যুতে কড়া অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়।
সুরক্ষা না থাকলে শুটিং নয়
আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছে, শুটিং সেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকলে কোনও কাজ করা হবে না। এই কর্মবিরতি সাময়িক হলেও, সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত তা অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
ফেডারেশনের সমর্থন
এই আন্দোলনে শিল্পীদের পাশে দাঁড়িয়েছে ফেডারেশনও। বৈঠকে ফেডারেশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং তাঁরা এই কর্মবিরতির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। পাশাপাশি, তালসারির শুটিং ইউনিটের কয়েকজন সদস্যকে শোকজ নোটিস পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে।
দর্শকদের বড় প্রশ্ন সিরিয়াল দেখবেন কীভাবে?
এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ধাক্কা লাগতে পারে টেলিভিশন দর্শকদের। নিয়মিত শুটিং বন্ধ থাকলে নতুন এপিসোড তৈরি হওয়া কার্যত অসম্ভব। ফলে খুব শিগগিরই জনপ্রিয় ধারাবাহিকগুলির সম্প্রচারে প্রভাব পড়তে পারে। দর্শকদের একাংশ ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন
শুটিং বন্ধ থাকলে নতুন কনটেন্ট আসবে কীভাবে? প্রিয় সিরিয়ালগুলির ভবিষ্যৎই বা কী? চ্যানেলগুলি কিছুদিন পুরনো এপিসোড বা স্টক করে রাখা কনটেন্ট দেখালেও, দীর্ঘমেয়াদে তা সম্ভব নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
ইন্ডাস্ট্রিতে আর্থিক চাপের আশঙ্কা
কর্মবিরতি দীর্ঘস্থায়ী হলে প্রযোজনা সংস্থা, টেকনিশিয়ান, দৈনিক মজুরির কর্মী সবাই বড়সড় আর্থিক চাপে পড়তে পারেন। ফলে একদিকে যেমন শিল্পীদের নিরাপত্তা জরুরি, তেমনই অন্যদিকে পুরো ইন্ডাস্ট্রির অর্থনৈতিক ভারসাম্য নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। একদিকে ‘জাস্টিস ফর রাহুল’-এর দাবিতে ঐক্যবদ্ধ প্রতিবাদ, অন্যদিকে দর্শকদের বিনোদনের ভবিষ্যৎ—এই দুইয়ের টানাপোড়েনে এখন টলিউড।
