Weather update
Bengal Liberty, ১৫ মে :
উত্তরবঙ্গে টানা ঝড়-বৃষ্টিতে যখন জনজীবন কার্যত বিপর্যস্ত, তখন ঠিক উল্টো ছবি দক্ষিণবঙ্গে (Weather update)। কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে গরম ও অস্বস্তি, বৃষ্টির দেখা মিলছে খুবই কম। কয়েকদিন আগেও তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও এখন আবার চড়ছে পারদ। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরম থেকে এখনই স্বস্তি মিলবে না। এরই মধ্যে বর্ষা নিয়ে বড় সুখবর দিয়েছে হাওয়া অফিস। আন্দামান সাগরে বর্ষার প্রবেশ প্রায় নিশ্চিত, যা দেশে বর্ষার আগমনের ইঙ্গিত দিচ্ছে। শুক্রবারও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে (Weather update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather update)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি না হওয়ায় গরম ও অস্বস্তি বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। এদিন বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলায়। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়াও বইতে পারে। অন্যদিকে বর্ষা নিয়ে আশার খবর শুনিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, শনিবারের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষার প্রবেশ ঘটতে পারে। এর ফলে ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, সবকিছু অনুকূলে থাকলে মে মাসের শেষ সপ্তাহেই কেরালার মাধ্যমে ভারতে বর্ষার প্রবেশ হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather update)
উত্তরবঙ্গে আজও বজায় থাকবে ঝড়-বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস। পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে টানা বৃষ্টির জেরে স্থানীয়ভাবে জল জমা ও যাতায়াতে সমস্যার আশঙ্কাও থাকছে।
