TMC leader house raid
নিজস্ব সংবাদদাতা, সাগরদিঘী: মুর্শিদাবাদের সাগরদিঘিতে তৃণমূল নেতার বাড়িতে পুলিশের অভিযানে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চাঁদপাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে অভিযান চালানো হয় তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমান জেলা সাধারণ সম্পাদক নুরে মেহেবুব আলমের বাড়িতে। তবে অভিযানের সময় অভিযুক্ত নেতাকে বাড়িতে পাওয়া যায়নি। বর্তমানে তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে সাগরদিঘি থানার পুলিশ।

সাগরদিঘিতে ব্যাপক চাঞ্চল্য, গ্রেপ্তার ২ (TMC leader house raid)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং ১৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি চারচাকা গাড়ি, বেশ কয়েকটি ধারালো দেশি অস্ত্র এবং দুটি মোবাইল ফোন। ঘটনায় জিয়ারুল শেখ নামে এক ব্যক্তি ও এক নাবালককে আটক করা হয়। পরে দু’জনকেই গ্রেপ্তার দেখানো হয়েছে।
ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে চেষ্টা করছে, কী উদ্দেশ্যে ওই অস্ত্র মজুত করা হয়েছিল এবং সেগুলি কোথা থেকে আনা হয়েছিল। তদন্তকারীদের অনুমান, এলাকায় কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যেই অস্ত্রগুলি জমা রাখা হয়েছিল। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।

জঙ্গিপুর আদালতে তোলা হল ধৃতদের (TMC leader house raid)
সোমবার ধৃত দু’জনকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনার গুরুত্ব বিচার করে ধৃতদের জিজ্ঞাসাবাদে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে শাসকদলের এক নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল। যদিও তৃণমূল নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরো পড়ুন:- Jahangir Khan : “ভোটের পর ব্যবস্থা নেওয়া হবে” মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারির কয়েকঘণ্টার মধ্যেই জুজুধান জাহাঙ্গির! গ্রেফতারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ ফলতার তৃণমূল প্রার্থী
পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পলাতক নুরে মেহেবুব আলমের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
