weather update
বেঙ্গল লিবার্টি, কলকাতা:
বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠের শুরু। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকলেও, বেশ কিছু জেলায় স্বস্তির বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে জারি থাকবে বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। তবে কলকাতা ও তার আসে পাশে বিকেলের দিকে চলতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তি চরমে পৌঁছাতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে সন্ধের পরে ঝোড়ো হওয়া বইতে পারে।

কোথায় কোথায় বৃষ্টি?
বিকেলের দিকে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং নদীয়া জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
ঘর্মাক্ত দক্ষিণবঙ্গ হলেও উত্তরবঙ্গে কিন্তু বর্ষার মেজাজ বহাল। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকবে।
