India Bangladesh border news
নিজস্ব সংবাদদাতা, চ্যাংড়াবান্দা: দীর্ঘদিনের জমি জট কাটিয়ে অবশেষে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করার পথে বড় পদক্ষেপ নিল প্রশাসন ও বিএসএফ। বুধবার কোচবিহারের চ্যাংড়াবান্দা সীমান্ত এলাকায় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে সরেজমিনে পরিদর্শনে নামে বিএসএফ। এদিন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় জমি মাপজোক, সীমান্ত চিহ্নিতকরণ এবং খুঁটি পুঁতে বেড়া নির্মাণের প্রস্তুতির কাজ শুরু হয়।
বিশেষ করে চ্যাংড়াবান্দার পূর্বপাড়া সীমান্ত এলাকার যে অংশ দীর্ঘদিন ধরে কাঁটাতারবিহীন ছিল, সেই এলাকাতেই আধিকারিকরা ম্যাপ মিলিয়ে নির্দিষ্ট অংশ চিহ্নিত করেন। কোথা দিয়ে রাস্তা তৈরি হবে এবং কোন অংশে কাঁটাতারের বেড়া বসানো হবে, তা খতিয়ে দেখা হয়। এদিন স্থানীয় গ্রামবাসীরাও উপস্থিত ছিলেন। তাঁদের অনেকের জমির উপর দিয়েই বেড়া নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

চিকেন নেক সংলগ্ন এলাকায় বেড়া নির্মাণে জোর প্রস্তুতি (India Bangladesh border news)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিকেন নেক সংলগ্ন প্রায় সাড়ে চার কিলোমিটার সীমান্ত এলাকা এখনও পর্যন্ত কাঁটাতার ছাড়াই পড়ে রয়েছে। ফলে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অনুপ্রবেশ, গরুপাচার এবং মানব পাচারের অভিযোগ উঠছে। স্থানীয়দের দাবি, কেন্দ্রীয় সরকারের তরফে বহুবার সীমান্তে বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও জমি অধিগ্রহণ ও মালিকানা সংক্রান্ত জটিলতায় কাজ এগোয়নি।
প্রশাসন সূত্রে খবর, জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হতেই এবার দ্রুত গতিতে বেড়া নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী ও প্রশাসনের যৌথ উদ্যোগে ইতিমধ্যেই সীমান্তের বিভিন্ন অংশ চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ অভিযান@SuvenduWB @BJP4Bengal @bengalliberty1 #westbengalcm #westbengalnews #westbengal #NorthBengal #northbengaldevelopment #suvenduadhikari #bengalliberty pic.twitter.com/zKcTP4cWbF
— Bengal Liberty (@bengalliberty1) May 20, 2026

সীমান্ত এলাকায় খুঁটি পুঁতে শুরু প্রাথমিক কাজ (India Bangladesh border news)
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীনে ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ৯৩৬.৪ কিলোমিটার। এর মধ্যে স্থল সীমান্ত রয়েছে ৮৭৯.০৭৪ কিলোমিটার এবং নদী ও জলপথ মিলিয়ে প্রায় ৫৩ কিলোমিটার। এখনও প্রায় ১০০ কিলোমিটারেরও বেশি এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করা সম্ভব হয়নি। কোথাও নদী বা খালের কারণে, আবার কোথাও জমি সংক্রান্ত জটিলতায় কাজ আটকে রয়েছে।
২০১৫ সালের ভারত-বাংলাদেশ ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের পরেও জলপাইগুড়ি জেলার সীমান্তবর্তী পাঁচটি গ্রামের বহু বাসিন্দা এখনও জমির বৈধ অধিকার পাননি। প্রশাসন জানিয়েছে, বড়শশি, নাওতরি দেবত্তোর, পরানিগ্রাম ও চিলাগাটির মতো এলাকায় এখন জমির অধিকার প্রদান এবং অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। সীমান্তবাসীদের আশা, দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পূর্ণ হলে চোরাচালান ও অনুপ্রবেশ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
