India Bangladesh Border Security
Bengal Liberty, ২০ মে :
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই অনুপ্রবেশ রুখতে কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছিল নতুন বিজেপি সরকার (India Bangladesh Border Security)। দায়িত্ব নেওয়ার মাত্র ২ সপ্তাহের মধ্যেই সেই বার্তাকেই বাস্তবে রূপ দিতে শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। বুধবার নবান্নে বিএসএফের শীর্ষ আধিকারিকদের পাশে নিয়ে হাই-প্রোফাইল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সীমান্ত সুরক্ষার স্বার্থে প্রথম পর্যায়ে ২৭ কিলোমিটার জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিন তিনি স্পষ্ট ভাষায় জানান, অনুপ্রবেশ ও সীমান্ত নিরাপত্তা নিয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। পাশাপাশি পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে শুভেন্দুর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক স্বার্থে সীমান্ত সুরক্ষার বিষয়টি উপেক্ষা করা হয়েছে। নতুন সরকার সেই অবস্থার বদল ঘটিয়ে দ্রুত ও কঠোর পদক্ষেপের পথে হাঁটছে বলেও দাবি করেন তিনি (India Bangladesh Border Security)।

সীমান্ত নিরাপত্তা নিয়ে সরব শুভেন্দু (India Bangladesh Border Security)
নবান্নে আজ, বুধবারের সাংবাদিক বৈঠকে ভারত-বাংলাদেশ সীমান্তের কৌশলগত গুরুত্ব ও বর্তমান পরিস্থিতির বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের মোট সীমান্ত প্রায় ৪ হাজার কিলোমিটার দীর্ঘ, যার মধ্যে প্রায় ২২০০ কিলোমিটার সীমান্ত পশ্চিমবঙ্গের অংশে পড়ে। তাঁর কথায়, “এর মধ্যে অর্ধেকেরও বেশি, অর্থাৎ ২২০০ কিলোমিটার সীমান্ত রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই। এই ২২০০ কিমি সীমান্তের মধ্যে মাত্র ১৬০০ কিলোমিটারে কাঁটাতারের বেড়া রয়েছে। বাকি ৬০০ কিলোমিটার সীমান্ত এখনও সম্পূর্ণ উন্মুক্ত ও অসম্পূর্ণ।”
এই প্রসঙ্গেই পূর্বতন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, দেশের নিরাপত্তার স্বার্থে বহু আগেই বিএসএফ সীমান্তে বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি চেয়েছিল। কিন্তু আগের সরকার রাজনৈতিক স্বার্থ ও ভোটব্যাঙ্কের হিসেবেই সেই জমি বছরের পর বছর আটকে রেখেছিল। শুভেন্দুর দাবি, চাইলে সহজেই ৫৫৫ কিলোমিটার জমি বিএসএফের হাতে তুলে দেওয়া যেত। কিন্তু ‘তুষ্টিকরণের রাজনীতি’র কারণে সেই কাজ ইচ্ছাকৃতভাবে করা হয়নি, যার প্রভাব আজও রাজ্যবাসীকে ভোগ করতে হচ্ছে।

কড়া বার্তা শুভেন্দুর (India Bangladesh Border Security)
“দেশের ও রাজ্যের নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হবে না,” নবান্নের সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, সীমান্ত নিরাপত্তাকে উপেক্ষা করে এতদিন যে তোষণের রাজনীতি চলেছে, নতুন সরকার সেই পথে হাঁটবে না। এদিন ২৭ কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি বিএসএফের হাতে তুলে দেওয়াকে তিনি শুধুমাত্র সূচনা বলেই উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর কথায়, “এটা কেবল শুরু। খুব দ্রুত বাকি জমিগুলিও চিহ্নিত করে বিএসএফের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। সীমান্ত সুরক্ষার কাজে রাজ্য সরকারের তরফে সবরকম প্রশাসনিক সহযোগিতা থাকবে।”
