ED Raid in Kandi
Bengal Liberty, কান্দি :
মুর্শিদাবাদের কান্দি শহরের জেমো বিশ্বাসপাড়ায় শুক্রবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হানাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় (ED Raid in Kandi)। তদন্তকারীদের নিশানায় ছিলেন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। সূত্রের খবর, সম্প্রতি প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নতুন করে নির্মিত তাঁর বাড়িকে কেন্দ্র করেই শুরু হয়েছে আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্ত। স্থানীয় সূত্রে জানা গেছে, কান্দি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জেমো বিশ্বাসপাড়ায় অবস্থিত ওই বহুতল আবাসনে শুক্রবার সকালেই পৌঁছন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি ও নথি খতিয়ে দেখার কাজ। তদন্তকারী সংস্থার আধিকারিকরা বাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন বলে খবর (ED Raid in Kandi)।

নির্মাণকাজে বিপুল পরিমাণ অর্থ খরচ (ED Raid in Kandi)
তদন্ত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই বাড়ির নির্মাণকাজে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়েছে। অভিযোগ, নির্মাণের জন্য এক ঠিকাদার ব্যাঙ্ক মারফত প্রায় ২.৫ কোটি টাকা প্রদান করেছিলেন। সেই আর্থিক লেনদেনের নথি খতিয়ে দেখতেই ইডি তদন্তে নেমেছে বলে সূত্রের দাবি। ওই টাকার উৎস, লেনদেনের বৈধতা এবং নির্মাণকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা নিয়েও খোঁজখবর শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এ দিন সকাল থেকে ইডির তৎপরতায় গোটা এলাকায় ব্যাপক কৌতূহল ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বহু স্থানীয় বাসিন্দা বাড়ির সামনে ভিড় জমান। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেই তদন্তকারীরা বাড়ির ভিতরে যাতায়াত করেন। যদিও এ বিষয়ে ইডির তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

নতুন রাজনৈতিক সমীকরণ (ED Raid in Kandi)
ঘটনাকে ঘিরে নতুন মাত্রা যোগ হয়েছে রাজনৈতিক মহলেও। কারণ, শান্তনু সিনহা বিশ্বাসের বোন গৌরী সিনহা বিশ্বাস বর্তমানে কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। ফলে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে এই তল্লাশি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীরা ইতিমধ্যেই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। স্থানীয়দের একাংশের দাবি, সম্প্রতি অত্যন্ত বিলাসবহুলভাবে বাড়িটি নির্মাণ করা হয়েছিল। সেই নির্মাণব্যয়ের অঙ্ক সামনে আসার পর থেকেই এলাকায় নানা জল্পনা চলছিল। শুক্রবারের ইডি তল্লাশির পর সেই জল্পনা আরও বেড়েছে। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর প্রশাসনিক মহল থেকে সাধারণ মানুষেরও।
