TMC Ex MLA Arrested
Bengal Liberty, kolkata :
বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহরায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সিকান্দার সাউ ওরফে টুনটুন (TMC Ex MLA Arrested)। বৃহস্পতিবার ধৃতকে চন্দননগর মহকুমা আদালতে পেশ করে তারকেশ্বর থানার পুলিশ। ঘটনায় রাজনৈতিক মহল এবং স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে তারকেশ্বর থানার পুলিশ বালিগড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বালিগড়ি গ্রামে সিকান্দার সাউয়ের বাড়িতে হানা দেয়। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর সেখান থেকে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলে দাবি পুলিশের। এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্রটি পরীক্ষার জন্য ফরেন্সিক বিভাগে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

প্রাক্তন বিধায়কের ‘ছায়াসঙ্গী’ টুনটুন TMC Ex MLA Arrested
স্থানীয় সূত্রে সিকান্দার সাউ এলাকায় “টুনটুন” নামেই বেশি পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহরায়ের ঘনিষ্ঠ সহযোগী এবং ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন বলে এলাকার বাসিন্দাদের একাংশের দাবি। সেই কারণেই এই গ্রেপ্তারিকে ঘিরে রাজনৈতিক জল্পনাও শুরু হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটির কোনও বৈধ লাইসেন্স নেই। অস্ত্রটি কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কোনও অপরাধমূলক যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস সম্পর্কেও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

অস্ত্রের উৎস ও অপরাধমূলক যোগসূত্র
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহরায়ের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূলের স্থানীয় নেতৃত্বও বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি। অন্যদিকে বিরোধীদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই শাসকদলের কিছু ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে বেআইনি কার্যকলাপের অভিযোগ উঠছিল। এই গ্রেপ্তারি সেই অভিযোগকেই আরও জোরালো করল বলে তাদের দাবি।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, আইন অনুযায়ী পুরো ঘটনার তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়। আদালতে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে বলেও সূত্রের খবর। ঘটনায় এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নজরদারি বাড়িয়েছে।

