TMC Leader Manas Roy
Bengal Liberty:
আলিপুরদুয়ারে প্রায় ১০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সহ-সভাপতি মানস রায়কে প্রকাশ্যে কোমরে দড়ি বেঁধে হাঁটিয়ে আদালতে নিয়ে যাওয়া হলো। বৃহস্পতিবার যা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যে। শামুকতলা থানার পুলিশের এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে জোর বিতর্ক।

ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঝেরডাবড়ি গ্রাম পঞ্চায়েতে ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে একাধিক সরকারি প্রকল্পে ব্যাপক আর্থিক অনিয়ম ও তছরুপ হয়েছে। তদন্তকারী সূত্রের দাবি, সরকারি উন্নয়নমূলক প্রকল্পের টাকা নয়ছয় করে প্রায় ১০ কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে তৃণমূল নেতা মানস রায় এবং তাঁর স্ত্রী তথা প্রাক্তন গ্রাম প্রধান বুবুন রায়ের নাম।
প্রভাব খাটিয়ে পার পাওয়ার চেষ্টা!
ক্ষমতায় থাকার দরুন দীর্ঘদিন ধরে এলাকায় তাঁর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পে অনিয়ম চালানোর অভিযোগ উঠছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশ একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও এতদিন কোনও কড়া পদক্ষেপ হয়নি বলে অভিযোগ।সম্প্রতি এক গ্রামবাসীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শামুকতলা থানার পুলিশ। তদন্তে প্রাথমিকভাবে দুর্নীতির একাধিক তথ্য সামনে আসতেই মানস রায়কে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাঁকে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হলে বিচারক ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।এদিন আদালতে নিয়ে যাওয়ার সময় মানস রায়ের কোমরে দড়ি বেঁধে পুলিশের হাঁটিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য ঘিরে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। যদিও পুলিশ সূত্রে দাবি, নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।

