Lakshmir Bhandar fraud Domkal
Bengal Liberty, ডোমকল: মুর্শিদাবাদে ‘পুরুষ লক্ষ্মী’ কাণ্ডের পর এবার ডোমকলে সামনে এলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আত্মসাতের মারাত্মক অভিযোগ। অন্যের নথি ‘ভাড়া’ নিয়ে জালিয়াতি করার অপরাধে ডোমকল পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতির স্বামী শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত শরিফুল তিনটি ভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকিয়ে নিতেন বলে অভিযোগ।
যেভাবে ফাঁস হলো জালিয়াতি (Lakshmir Bhandar fraud Domkal)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শরিফুল ইসলাম মূলত একটি সিএসপি (কাস্টমার সার্ভিস পয়েন্ট) বা গ্রাহক সেবা কেন্দ্র চালাতেন। অভিযোগ, সেখানে আসা সাধারণ মানুষের নথিপত্র ব্যবহার করে জালিয়াতির ছক কষা হতো। অন্যের নামে বরাদ্দ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিজের নিয়ন্ত্রণে থাকা ৩টি অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ প্রথমে শরিফুলকে জিজ্ঞাসাবাদ করে এবং বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করা হয়।

শুভেন্দুর দাবির পরেই শোরগোল (Lakshmir Bhandar fraud Domkal)
উল্লেখ্য, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই দাবি করেছিলেন যে ডোমকলে বহু ভুয়ো ও বেনামী অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাচ্ছে। তাঁর সেই বার্তার পরেই খোদ শাসকদলের পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর গ্রেফতারিতে তীব্র রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে।
তীব্র অস্বস্তিতে তৃণমূল, সরব বিরোধীরা (Lakshmir Bhandar fraud Domkal)
এই ঘটনার পর ব্যাপক অস্বস্তিতে পড়েছে শাসকদল। তৃণমূলের ডোমকল কোর কমিটির সদস্য বাসির মোল্লা জানান, “যা অভিযোগ সেটা মারাত্মক। এরকম হয়ে থাকলে নিশ্চয় তার শাস্তি ভোগ করতে হবে।” অন্যদিকে, ঘটনার তীব্র নিন্দা করে সিপিআইএমের ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা বলেন, “আমরা বারবারই বলেছি ডোমকল পঞ্চায়েত সমিতি দুর্নীতির ঘুঘুর বাসা, এখন সব প্রকাশ্যে আসছে।” কংগ্রেসের ডোমকল ব্লক সভাপতি মসিউর রহমান রানাও এই ঘটনাকে ‘ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

স্ত্রীর সাফাই(Lakshmir Bhandar fraud Domkal)
ধৃতের স্ত্রী তথা ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানা বিশ্বাস অবশ্য জানান, “কিছুদিন আগে এই ধরনের অভিযোগ ওঠায় বিডিও সাহেব আমার স্বামীর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিলেন। এখন শুনছি তিনটে অ্যাকাউন্টে টাকা ঢোকে। বিষয়টা আসলে কী, আমিও জানি না।”
এই চক্রের সাথে আর কারা যুক্ত আছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

