Police raid
Bengal Liberty
হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙা(Police raid) এলাকায় কোটি টাকার অবৈধ বালির মজুতের সন্ধান পেল পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, উদ্ধার হওয়া বালির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ থেকে ৫ কোটি টাকা। ইতিমধ্যেই গোটা বালির স্তূপ বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে প্রশাসন।
স্থানীয়দের অভিযোগ, প্রায় চার থেকে পাঁচ মাস আগে চাঁপাডাঙা এলাকায় বিপুল পরিমাণ বালি মজুত করা হয়। এই অবৈধ বালি কারবারের সঙ্গে স্থানীয় চাঁপাডাঙা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা প্রভাত চ্যাটার্জি ওরফে লাল্টু চ্যাটার্জি জড়িত বলে অভিযোগ। সূত্রের খবর, রবিবার গভীর রাতে ওই বালি পাচারের চেষ্টা চলছিল। বিষয়টি নজরে আসতেই এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি ডাম্পার এবং একটি জেসিবি মেশিন বাজেয়াপ্ত করে। পাশাপাশি বিপুল পরিমাণ বালিও সিজ করা হয়েছে।

পলাতক অভিযুক্ত(Police raid)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ বালি কীভাবে সেখানে মজুত করা হয়েছিল, কারা এর সঙ্গে জড়িত এবং বালি পাচারের নেপথ্যে কোনও সংগঠিত চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে আরও দাবি, অভিযুক্ত প্রভাত চ্যাটার্জি ওরফে লাল্টু চ্যাটার্জি গত ৪ মে থেকে এলাকায় নেই। বর্তমানে তার খোঁজে তল্লাশি চলছে।



