OBC reservation bill
Bengal Liberty : ওবিসি-সহ অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের সংরক্ষণ সংক্রান্ত জোড়া সংশোধনী বিল সোমবার রাজ্য বিধানসভায় পাশ হল (OBC reservation bill)। রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিল দুটি পেশ করার পর প্রথমে ধ্বনিভোটে তা পাশ করানোর প্রস্তুতি থাকলেও, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির দাবি অনুযায়ী ডিভিশনের মাধ্যমে ভোটাভুটি হয়। স্পিকার রথীন্দ্র বসু সেই আবেদনে সম্মতি দিলে বিল নিয়ে সরাসরি ভোটাভুটি হয়। তাতে বিলের পক্ষে ১৮৬টি এবং বিপক্ষে ১৭টি ভোট পড়ে। ৬ জন বিধায়ক ভোটদানে বিরত থাকেন। তবে ধ্বনি ভোটের সময় উপস্থিত তৃণমূল বিধায়করা চুপ থাকেন। ভোটাভুটিতে কালীঘাট তৃণমূল অংশ নিলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল বিধায়কেরা কক্ষত্যাগ করেন (OBC reservation bill)।

বিল ঘিরে তুমুল বিতর্ক (OBC reservation bill)
তৃণমূল সরকারের আমলে প্রণীত ২০১২ সালের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইন সংশোধনের উদ্দেশ্যে এদিন বিধানসভায় দুটি সংশোধনী বিল পেশ করা হয়। সেগুলি হল- ‘ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস (আদার দ্যান শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব) রিজার্ভেশন অফ ভ্যাকান্সিস ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ এবং ‘দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’। এই দুই বিলের মাধ্যমে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনে একাধিক সংশোধনের প্রস্তাব আনা হয়েছে।
ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জোড়া সংশোধনী বিল নিয়ে সোমবার বিধানসভায় দীর্ঘ আলোচনা ও রাজনৈতিক তরজা দেখা যায়। বিলের পক্ষে বক্তব্য রাখতে উঠে দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী অভিযোগ করেন, আগের তৃণমূল সরকার ভোটব্যাঙ্কের রাজনীতি ও তোষণের উদ্দেশ্যে ওবিসি তালিকা তৈরি করেছিল। অন্যদিকে, বিলের বিরোধিতা করে বক্তব্য রাখেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবিরের জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস।

কী কী সংশোধন করা হচ্ছে নতুন বিলে? (OBC reservation bill)
বর্তমানে ওবিসি ক্যাটেগরি ‘এ’-র আওতায় মোট ৬৫টি জনগোষ্ঠী রয়েছে। তৃণমূল জমানায় তৈরি আইনে ক্যাটেগরি ‘বি’-তে রয়েছে ৭৮টি জনগোষ্ঠী। সেই তালিকা সম্বলিত তফশিল বা শিডিউল ওয়ান বাদ দিয়ে দেওয়া হয়েছে নতুন বিলে।এছাড়া, ভবিষ্যতে কোনও জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা বা তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে রাজ্য অনগ্রসর শ্রেণি কমিশনের মাধ্যমে আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে। বিজেপির দীর্ঘদিনের অভিযোগ ছিল, ওবিসি তালিকা তৈরির ক্ষেত্রে হিন্দু সম্প্রদায়ের একাধিক অনগ্রসর গোষ্ঠী বঞ্চিত হয়েছে এবং মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে।নতুন সংশোধনী বিলের মাধ্যমে আগের তালিকার কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথ প্রশস্ত হল।



