TMC MLA
Bengal Liberty ;
সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের মামলায় গ্রেফতার হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহরায় (TMC MLA)। সোমবার ধানিয়াখালির কোটালপুর এলাকায় তাঁর পরিচালিত বি.এড কলেজে নিয়ে যাওয়া হলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, গত ১১ জুন বি.এড কলেজ থেকেই বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। এরপর ধানিয়াখালী থানায় অভিযোগ দায়ের হলে রামেন্দু সিংহরায় পলাতক হয়ে যান। দীর্ঘ তল্লাশির পর ১৯ জুন কর্ণাটক থেকে হুগলি গ্রামীণ পুলিশের বিশেষ দল তাঁকে গ্রেফতার করে। পরে ২২ জুন চুঁচুড়া আদালতে তোলা হলে আদালত তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

তদন্তের স্বার্থে সোমবার অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তদন্তকারীরা কলেজ চত্বরে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন এবং উদ্ধার হওয়া ত্রাণ সামগ্রীর সংরক্ষণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। এদিকে রামেন্দু সিংহরায়কে কলেজে আনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসী। ‘চোর চোর’ স্লোগান ওঠে এলাকাজুড়ে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও জানান বিক্ষোভকারীরা। ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।


