Haldia Fire News
Bengal Liberty:
মঙ্গলবার ভোরে পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে (Haldia Fire News)। সূত্রের খবর, কারখানার একটি ন্যাপথা পাইপলাইন ফেটে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুর এলাকার বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিদগ্ধ হয়েছেন একাধিক কর্মী।

খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে। আহতদের দ্রুত উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত কয়েকজনকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কিছু কর্মীকে কলকাতায় নিয়ে আসা হয়েছে।
অগ্নিদগ্ধ একাধিক কর্মী
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৪টা নাগাদ আচমকাই ন্যাপথা বহনকারী পাইপলাইনে বিস্ফোরণ ঘটে ও নিমেষে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে কী কারণে পাইপলাইন ফেটে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, ন্যাপথা হল অপরিশোধিত তেল থেকে উৎপাদিত অত্যন্ত দাহ্য। এটি একটি পেট্রোলিয়ামজাত পদার্থ, যা পেট্রোল, কেরোসিনসহ বিভিন্ন জ্বালানি এবং পেট্রোকেমিক্যাল শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
হলদিয়া বিধানসভার বিজেপি বিধায়ক প্রদীপ বিজলী বলেন, “তমলুক হাসপাতালে বেশিরভাগ আহতের চিকিৎসা চলছে। কয়েকজনকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। তবে শিল্পাঞ্চলে এ ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। এই মুহূর্তে কাউকে দোষারোপ করা ঠিক হবে না।”


