Calcutta High Court
Bengal Liberty : তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দে, আগামী মঙ্গলবারের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তার বিস্তারিত তথ্য আদালতে জানাতে হবে। পাশাপাশি যে তিনটি ব্যাঙ্কে দলের অ্যাকাউন্ট রয়েছে, তাদের প্রত্যেকের কাছেই হলফনামার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবারের মধ্যে ওই হলফনামা দিতে হবে। তদন্তের বর্তমান অগ্রগতি সম্পর্কেও পুলিশকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি হবে (Calcutta High court)।

আগেই দ্রুত শুনানির আর্জি নাকচ করেছিল আদালত (Calcutta High court)
উল্লেখ্য, তৃণমূলে ভাঙনের পর দলের তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে দুই শিবিরের টানাপড়েন ক্রমশ তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দ্রুত শুনানির আবেদন করেন কালীঘাট শিবিরের আইনজীবী কিশোর দত্ত। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তিনি জরুরি ভিত্তিতে মামলাটি তালিকাভুক্ত করার আর্জি জানান। তবে আদালত সেই আবেদন নাকচ করে দেয়। বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, মামলার নির্ধারিত তালিকা অনুযায়ীই শুনানি হবে, কোনও মামলাকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে আনা সম্ভব নয়।

৪৪০ কোটি টাকার তিনটি অ্যাকাউন্ট ঘিরে সংঘাত (Calcutta High court)
তৃণমূলে ভাঙনের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির নিজেদেরই ‘আসল তৃণমূল’ বলে দাবি করেছে। এই মামলায় তাদের হয়ে আইনি লড়াইয়ের জন্য সিনিয়র আইনজীবী কে পরমেশ্বরকে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, দলের অভ্যন্তরীণ বিরোধের কথা উল্লেখ করে প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রথমে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে দলের অ্যাকাউন্টে লেনদেন বন্ধ রাখার অনুরোধ জানান। পরে ঋতব্রত শিবিরও পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ পদক্ষেপ করলে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তিনটি অ্যাকাউন্টে থাকা প্রায় ৪৪০ কোটি টাকার লেনদেন আপাতত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।এরপরই ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট শিবির। ফলে তৃণমূলের সাংগঠনিক লড়াইয়ের পাশাপাশি দলের বিপুল অঙ্কের তহবিলের নিয়ন্ত্রণ নিয়েও আইনি সংঘাত এখন আদালতের বিচারাধীন। অতঃপর তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট কত কোটি টাকা রয়েছে তার হিসাব চাইল হাইকোর্ট ।



