Baruipur
Bengal Liberty:
বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্য ছড়াল একই এলাকায় (Baruipur Case)। সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার সকালে যে পুকুরপাড় থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল, ঠিক সেখান থেকেই সোমবার সকালে উদ্ধার হল এক বৃদ্ধের দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আতঙ্কে বারুইপুরবাসী Baruipur Case
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ছয় মাসে ওই একই এলাকা থেকে একইভাবে মোট পাঁচজনের দেহ উদ্ধার হয়েছে। ফলে বারুইপুর–সোনারপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, একের পর এক অপরাধের ঘটনা ঘটলেও পর্যাপ্ত পুলিশি নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা চোখে পড়ছে না। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।বিরোধী দলগুলির অভিযোগ, এলাকায় অপরাধের গ্রাফ লাগাতার বাড়লেও গত পনেরো বছর ধরে তৃণমূল সরকার দুষ্কৃতী দমনে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। স্থানীয়দের একাংশের অভিযোগ, ক্ষমতার আস্ফালনে এলাকায় একপ্রকার ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছে। অন্যদিকে, পুলিশের দাবি, প্রতিটি ঘটনারই তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত ওই মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে একই এলাকায় ধারাবাহিকভাবে দেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ আরও বাড়ছে।

