BJP Worker Death
Bengal Liberty:
কল্যাণী থানার সাহেববাগান ডেঙ্গুরপাড়া এলাকায় এক বিজেপি কর্মীর হাত-পা বাঁধা ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম বিশ্বজিৎ শিকদার (BJP Worker Death)। তিনি বিজেপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

রেললাইনের ধারে ঝুলন্ত দেহ
পরিবারের দাবি, সোমবার সকালে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রেললাইনের ধারে একটি আমবাগানে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই বাড়িতে খবর দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান বিজেপির নেতা ও কর্মীরা। পৌঁছয় কল্যাণী থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই মৃত্যুর ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। কীভাবে মৃত্যু হল? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ, এটি সুপরিকল্পিত রাজনৈতিক খুন। তাঁদের দাবি, বিশ্বজিৎকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
বিশ্বজিতের বাবা কল্যাণী মণ্ডল ২ এর ১২৭ নম্বর বুথের বুথ সভাপতি। সেই কারণে তৃণমূল সরকার এ থাকাকালীন রাজনৈতিক চাপের মুখে পড়তে হয়েছে পরিবারের সদস্যদের। বিশ্বজিৎকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য একাধিকবার চাপ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ তাঁর পরিবারের। বিজেপি নেতারা জানান, দীর্ঘদিন ধরে এলাকার তৃণমূল নেতৃত্বের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে তাঁকে মারধর করা হয় এবং তাঁর দোকানে ভাঙচুর চালানো হয়।

