suvendu Meeting
Bengal Liberty:
মুর্শিদাবাদের রেজিনগরে আগামী ১০ জুলাই জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হতেই জেলা প্রশাসন ও বিজেপির তরফ থেকে জোর প্রস্তুতি শুরু হয়েছে। রাজনৈতিকভাবে সংবেদনশীল রেজিনগরে মুখ্যমন্ত্রীর এই সভাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর বাড়তে শুরু করেছে।
দলীয় সূত্রে খবর, ১০ জুলাই সকাল ১০টা নাগাদ বহরমপুরে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। সেখানে সাংগঠনিক বৈঠকের পাশাপাশি একটি প্রশাসনিক পর্যালোচনা বৈঠকও করবেন তিনি। এরপর হেলিকপ্টারে রেজিনগরের দাদপুর হাই স্কুল মাঠে পৌঁছে, সেখান থেকে সড়কপথে তকিপুর হাই মাদ্রাসার সভাস্থলে যাবেন। বিকেল ৩টেয় এই জনসভায় তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

রেজিনগরে মুখ্যমন্ত্রীর জনসভা
মুখ্যমন্ত্রীর সফর চূড়ান্ত হওয়ার পর সোমবার সভাস্থল পরিদর্শনে যান মুর্শিদাবাদের জেলাশাসক আর. অর্জুন, পুলিশ সুপার শচীন মক্কর, অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক যাদব, বেলডাঙার এসডিপিও এবং বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন। তাঁরা হেলিপ্যাড, সভামঞ্চ, গাড়ি পার্কিংয়ের জায়গা এবং সামগ্রিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। প্রশাসনের নির্দেশে ইতিমধ্যেই দ্রুত সভাস্থল প্রস্তুতের কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্প্রতি হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্য এবং তা নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া প্রতিক্রিয়ার পর, রেজিনগরের এই সভাকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
তবে হুমায়ুন কবীর নিজেই মুখ্যমন্ত্রীর এই সফরকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী রাজ্যের যেকোনো জায়গায় যেতেই পারেন। রেজিনগরেও তাঁকে স্বাগত।” স্বাভাবিকভাবেই, রেজিনগরের এই সভাকে ঘিরে এখন রাজনৈতিক মহলের নজর আটকে রয়েছে মুর্শিদাবাদের দিকেই।

