India vs England Review
Bengal Liberty: তৃতীয় টি-২০ ম্যাচেও একই ছবি ধরা পড়ল। ভারতকে ১২৫ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ইংল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে গেল। প্রথম টি-২০ ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে পরাজয়, আর আজকের ম্যাচে হারের ফলে নতুন লজ্জাজনক নজির সৃষ্টি করল টি-২০ বিশ্বকাপজয়ী ভারত (India vs England Review)।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— প্রতিটি বিভাগেই শুধুই হতাশা চোখে পড়েছে। ম্যানচেস্টারের টি-২০ ম্যাচে লড়াই হলেও ট্রেন্ট ব্রিজের মাঠে কোনও প্রতিরোধই দেখা যায়নি। পুরোপুরি একতরফাভাবে আধিপত্য বজায় রেখে ১২৫ রানের বিশাল জয় তুলে নিয়েছে থ্রি লায়ন্সরা। দলে ৯ জন ব্যাটার থাকা সত্ত্বেও মাত্র ৭৬ রানেই গুটিয়ে গেছে ভারতের ইনিংস। ১০০ রানের দোরগোড়াতেও ভারত পৌঁছাতে পারেনি। এর থেকে বড় বিপর্যয় আর কী-ই বা হতে পারে!

আয়ারল্যান্ড সফর থেকে শিক্ষা না নেওয়া (India vs England Review)
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভরাডুবির পর ভারতীয় ক্রিকেট সমর্থকদের আশা ছিল ইংল্যান্ডের বিপক্ষে ভারত ঘুরে দাঁড়াবে। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের মানসিকতা থাকলেও, থ্রি লায়ন্সদের বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি ‘মেন ইন ব্লু’ বাহিনী। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও কোচ গৌতম গম্ভীরের যৌথ নেতৃত্বে পরপর দুটি সিরিজে চরম ব্যর্থতার নজির গড়ল টিম ইন্ডিয়া।
ইংল্যান্ডের ব্যাটিং (India vs England Review)
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শ্রেয়াস আইয়ার। তবে পুরো ম্যাচে সেটুকুই ছিল ভারতের একমাত্র প্রাপ্তি। তারপর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় ইংল্যান্ড।
ফিল সল্টের ৪৪ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস ম্যাচের মোড় ইংল্যান্ডের দিকে ঘুরিয়ে দেয়। তাঁকে যোগ্য সঙ্গ দেন অলরাউন্ডার স্যাম কারান ও উইকেটরক্ষক জস বাটলার। স্যাম কারানের ২৪ বলে ৪১ এবং জস বাটলারের ২১ বলে ৩৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের সুবাদে ইংল্যান্ড ২০ ওভারের শেষে ৭ উইকেটে ২০১ রান তোলে। ভারতের হয়ে হার্ষিত রানা ও প্রিন্স যাদব দুটি করে উইকেট পান।

ভারতের ব্যাটিং বিপর্যয় (India vs England Review)
নটিংহামের ট্রেন্ট ব্রিজে উপস্থিত ১৫,০০০ দর্শক এবং কোটি কোটি টেলিভিশন দর্শকের মধ্যে তুমুল উন্মাদনা লক্ষ করা গেছে। ইংল্যান্ডের মাটিতে খেলা হলেও গ্যালারির আবহে মনে হচ্ছিল ম্যাচটি যেন কলকাতার ইডেন গার্ডেন্স কিংবা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু সমর্থকদের সমস্ত প্রত্যাশাকে হতাশায় মুড়ে দিল ভারতের চরম ফ্লপ ব্যাটিং।
২০২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ভারত। কোনও ব্যাটারই ক্রিজে টিকে থাকার ধৈর্য দেখাতে পারেননি। ওপেনিং জুটির বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মা— দু’জনেই বড় শট খেলতে গিয়ে উইকেট উপহার দিয়ে আসেন। ঈশান কিষান, তিলক বর্মা ও শ্রেয়াস আইয়ারের ব্যাটিং টেম্পারামেন্ট এতটাই খারাপ ছিল যে, কেউ একটি পার্টনারশিপ গড়ার কথাও ভাবেননি। শেষমেশ ভারতের ইনিংস মাত্র ৭৬ রানেই শেষ হয়ে যায়। এটি টি-২০ ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৪ রানে অলআউট হয়েছিল ভারত।
এই রাজকীয় জয়ের ফলে ইংল্যান্ডের আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে গেল। বল হাতে আগুন ঝরালেন পেসার জোফরা আর্চার। ৩ ওভারে ২৯ রান দিয়ে ৩টি উইকেট তুলে নিয়ে ভারতের ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন ম্যাচের সেরা আর্চার। তাঁর পাশাপাশি আরেক পেসার জোশ টং ৪টি উইকেট নেন। ভারতের এই শোচনীয় হারকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরো পড়ুন:-
সূর্যকে ছুঁড়ে ফেলে দেওয়া (India vs England Review)
প্রথম প্রশ্ন, টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবকে কেন নেতৃত্ব থেকে সরানো হলো? তাঁর জায়গায় শ্রেয়াস আইয়ার— যিনি টি-২০ দলেই নিয়মিত ছিলেন না— তাঁকে অধিনায়ক করা হলো। আর তারপরই যে ভারতীয় দল বিগত দেড় বছর কোনও টি-২০ সিরিজ হারেনি, তারা মাত্র কয়েক দিনের ব্যবধানে এই ফরম্যাটে পুরোপুরি ধরাশায়ী হয়ে গেল।
কেন সঞ্জু স্যামসন দলের বাইরে?
টি-২০ বিশ্বকাপের ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ সঞ্জু স্যামসনকে মাত্র তিনটি ম্যাচের ব্যর্থতার ভিত্তিতে দল থেকে বাদ দিয়ে দেওয়া হলো! এমনকি জিম্বাবোয়ের মতো তুলনামূলক সহজ সফরের দলেও সঞ্জুকে রাখা হয়নি।

দলের অন্দরেই ক্ষোভের বহিঃপ্রকাশ (India vs England Review)
সূত্র মারফত জানা যাচ্ছে, এই সমস্ত সিদ্ধান্তের কারণে দলের অন্দরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক রেষারেষির আবহ তৈরি হয়েছে এবং সবাই দলের চেয়ে নিজের ব্যক্তিগত রানের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। দলের মধ্যে সংহতির অভাব স্পষ্ট, প্রত্যেকে যেন বিচ্ছিন্নভাবে খেলছেন। এর ফলে ড্রেসিংরুমের পরিবেশ নেতিবাচক হয়ে উঠছে। এমনকি কোচ ও অধিনায়কের মধ্যেও তীব্র অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
আরো পড়ুন:-
Vocational Teachers: মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি বৃত্তিমূলক শিক্ষক-শিক্ষিকাদের
বৈভবকে কেন্দ্র করে সমালোচনা (India vs England Review)
আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই এত দ্রুত জাতীয় দলে সুযোগ পেয়েছেন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। কিন্তু পরপর দুই ম্যাচে তাঁর ব্যাটে রান নেই। আর তাতেই শুরু হয়েছে কড়া সমালোচনা। বৈভবকে খেলানোর জেদেই কি দলের ভারসাম্য বিগড়ে গেল? এই নিয়ে ক্রিকেটমহল এখন দ্বিধাবিভক্ত।
ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচ হারার পর বৃহস্পতিবার ব্রিস্টলের মাঠে কি ঘুরে দাঁড়াতে পারবে ভারত? নাকি চতুর্থ ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে নেবে থ্রি লায়ন্সরা? এই নিয়েই এখন ক্রিকেটপ্রেমীদের মনে চলছে জোর আলোচনা।


