Hospital Visit
Bengal Liberty:
সরকারি হাসপাতালের পরিষেবা ঘিরে দীর্ঘদিনের অভিযোগ এবার সরাসরি স্বীকার করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী (Hospital Visit)। বৃহস্পতিবার একের পর এক সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে পরিকাঠামো ও রোগী পরিষেবার বেহাল চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন শারদ্বত মুখোপাধ্যায়। বারাসাত মেডিক্যালে দাঁড়িয়ে তার স্পষ্ট বার্তা, ‘দোষ কার, তা খুঁজে লাভ নেই। এখন দায়িত্ব আমার। স্বাস্থ্য ব্যবস্থাকে বদলাতেই হবে।’

আকস্মিক পরিদর্শনে গলদ চিহ্নিত Hospital Visit
বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে একাধিক সরকারি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন স্বাস্থ্যমন্ত্রী। বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি রোগী পরিষেবা, পরিকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থার একাধিক গলদ চিহ্নিত করেন। হাসপাতালের অব্যবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট ওয়ার্ড মাস্টার-সহ কয়েকজন কর্মীকে শোকজ করার নির্দেশ দেওয়া হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের জবাব তলব করা হয়েছে বলে খবর।

পরিদর্শনের পর স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যভবনের নতুন কন্ট্রোল রুম থেকে রাজ্যের হাসপাতালগুলিতে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হবে। প্রতিটি ওয়ার্ডে ধাপে ধাপে সিসিটিভি বসানো হবে, যাতে পরিষেবার গাফিলতি, দালালচক্রের দৌরাত্ম্য এবং অনিয়ম দ্রুত চিহ্নিত করা যায়। শুধু সরকারি হাসপাতালই নয়, প্রয়োজন অনুযায়ী বেসরকারি হাসপাতালের পরিষেবাও নজরদারির আওতায় আনার পরিকল্পনার কথা জানান তিনি।

একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ বা স্যালাইন ব্যবহার রুখতে প্রতি সপ্তাহে বিশেষ পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের দালালচক্র ভাঙতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য পরিচয়পত্র বা ব্যাজ চালুর কথাও ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী। তার বক্তব্য, ‘ হাসপাতালে দালালদের ঠাঁই হবে না। হাসপাতালে চিকিৎসক, চিকিৎসা কর্মী, রোগী ও তাদের বাড়ির লোকদের জন্য বিশেষ ব্যান্ড বা ব্যাজের ব্যবস্থা করা হচ্ছে। সকলকে শনাক্তকরণের জন্য অ্যাইডেন্টিফিকেশন ব্যাজ দেবে স্বাস্থ্যভবন। বাকিরা দালাল।’

