kolkata Metro
Bengal Liberty:
কলকাতার গণপরিবহনে যুক্ত হতে চলেছে নতুন অধ্যায়। কলকাতায় চালু হতে চলেছে চালক বিহীন মেট্রো (kolkata Metro)। সফল নিরাপত্তা পরিদর্শন ও পরীক্ষামূলক যাত্রার পর এবার শুধু কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস) এর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। ছাড়পত্র মিললেই হাওড়া ময়দান-সেক্টর ফাইভ গ্রিন লাইনে যাত্রী নিয়ে চলবে চালকবিহীন মেট্রো। কলকাতা মেট্রোর ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হতে চলেছে।

শুরু হবে চালকবিহীন মেট্রো পরিষেবা kolkata Metro
রবিবার হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চালকবিহীন মেট্রোর সফল ট্রায়াল ও নিরাপত্তা পরিদর্শন সম্পন্ন হয়। এই পরিদর্শনে কমিশনার অফ রেলওয়ে সেফটি গোটা রুট, বিশেষ করে গঙ্গার তলদেশের আন্ডারওয়াটার টানেল, জরুরি পরিস্থিতিতে ট্রেন পরিচালনার সক্ষমতা এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। সমস্ত পরীক্ষাই সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

পাশাপাশি, এই করিডরে অত্যাধুনিক কমিউনিকেশন-বেসড ট্রেন কন্ট্রোল (CBTC) সিগন্যালিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে ট্রেন সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম।

ট্রায়ালের সময় গঙ্গার তলায় ৫২০ মিটার দীর্ঘ আন্ডারওয়াটার টানেল মাত্র ৪৫ সেকেন্ডে অতিক্রম করে মেট্রো। পরীক্ষার সময় চালকের আসনে একজন কর্মী উপস্থিত থাকলেও ট্রেনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল স্বয়ংক্রিয় ব্যবস্থার হাতেই।

