PM Poshan
Bengal Liberty
পশ্চিমবঙ্গ সরকার ‘পিএম-পোষণ’ প্রকল্পে(PM Poshan) একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে। এর ফলে স্কুলপড়ুয়ারা যেমন আরও পুষ্টিকর খাবার পাবে, তেমনই নিশ্চিত হবে নিরাপদ রান্নাঘর এবং বৃদ্ধি পাবে রাঁধুনি ও সহায়িকাদের আর্থিক সুবিধাও। নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে এই সুখবর ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।

৬৩৯ কোটির প্যাকেজে পুষ্টি ও নিরাপদ রান্নাঘর(PM Poshan)
রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের ৫১.৬১ লক্ষ পড়ুয়ার দৈনিক রান্নার খরচ প্রতি পড়ুয়াপিছু ৬.৭৮ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। পাশাপাশি, পিএম-পোষণ প্রকল্পের আওতাধীন প্রতিটি স্কুলে ১০০ শতাংশ এলপিজি (LPG) সংযোগ নিশ্চিত করা হবে। এই সংযোগ স্থাপনের জন্য প্রতি ইউনিটে ৩,০০০ টাকা করে খরচ বহন করবে রাজ্য সরকার। এই দুটি উদ্যোগের জন্য সরকারের মোট ৪১৪.৬৩ কোটি টাকা ব্যয় হবে।


এছাড়াও, রাজ্যের প্রায় ২.২৪ লক্ষ কুঁক-কাম-হেল্পার বা রাঁধুনি-সহায়িকাদের মাসিক সম্মানী ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খাতে অতিরিক্ত ব্যয় হবে প্রায় ২২৪ কোটি টাকা।
সব মিলিয়ে ৬৩৯ কোটি টাকার এই বিশেষ প্যাকেজের মাধ্যমে একদিকে যেমন স্কুলশিক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করার লক্ষ্য নেওয়া হয়েছে, অন্যদিকে তেমনই শিশুদের পুষ্টির জোগান ও সহায়িকাদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে। রাজ্য সরকারের দাবি, শিশুদের সুস্থ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যেই এই বৃহৎ বিনিয়োগ।

