New Town Raid
Bengal Liberty
নিউটাউনের একটি আবাসনের ফ্ল্যাটে রাতভর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল বিধাননগর পুলিশ (New Town Case)। পুলিশ সূত্রে খবর, ওই ফ্ল্যাট থেকে প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ঘটনায় এক মহিলাসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে। টাকার উৎস কী এবং এর পেছনে কোনও অপরাধচক্রের যোগ রয়েছে কি না, তা জানতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গিয়েছে, কয়েক দিন আগে এক ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের তদন্তে নেমেই পুলিশের হাতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসে। এর পর সোমবার রাতে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম বিভাগ, ডিটেক্টিভ ডিপার্টমেন্ট (ডিডি) এবং টেকনোসিটি থানার একটি যৌথ দল নিউটাউনের ওই ফ্ল্যাটে অভিযান চালায়।

যৌথ অভিযানে বড় সাফল্য New Town Case
বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হওয়ার পর এই ঘটনার তদন্তের পরিধি আরও বাড়ানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই বিপুল অঙ্কের টাকার পেছনে কোনও হাওয়ালা চক্রের যোগ থাকতে পারে। অথবা অন্য কোথাও পাচারের উদ্দেশ্যে এই টাকা মজুত করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

হাওয়ালা যোগের আশঙ্কা
ইতিমধ্যেই ওই আবাসন ও তার আশপাশের এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি উদ্ধার হওয়া টাকার উৎসের সন্ধান পাওয়ার ওপরই আপাতত জোর দিচ্ছে বিধাননগর পুলিশ। তবে তদন্তের স্বার্থে এখনও পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত আর কিছু জানাতে চায়নি পুলিশ প্রশাসন।

