US Iran
Bengal Liberty
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি(US Iran) আরও জটিল আকার ধারণ করেছে। ইরাকে আরও এক মার্কিন সেনার মৃত্যুর পর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে গোটা পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর দাবি, উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত অংশ নিষ্ক্রিয় করার সময় ঘটে যাওয়া বিস্ফোরণে এক মার্কিন সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও এক সেনা আহত হয়েছেন বলে জানা গেছে।

হোয়াইট হাউসে জরুরি বৈঠক(US Iran)
এই ঘটনার পরপরই হোয়াইট হাউসে একটি জরুরি বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রশাসন সূত্রে খবর, ইরানের সামরিক অবকাঠামো, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন ভাঁড়ার এবং যোগাযোগ ব্যবস্থার ওপর আরও তীব্র হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে টানা নবম রাতের মতো ইরানে মার্কিন বিমান হামলা চালানো হয়েছে।মার্কিন প্রশাসনের দাবি, সাম্প্রতিক সময়ে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় একাধিক মার্কিন সেনা নিহত হয়েছেন।সে কারণেই ইরানের সামরিক সক্ষমতা দ্রুত গুঁড়িয়ে দেওয়াই এখন ওয়াশিংটনের প্রধান লক্ষ্য। ট্রাম্পও স্পষ্টভাবে জানিয়েছেন, মার্কিন সেনাদের মৃত্যুর উপযুক্ত জবাব দেওয়া হবে এবং প্রয়োজনে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

ইরানের পাল্টা হুঁশিয়ারি(US Iran)
অন্যদিকে, ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে। মার্কিন হামলা অব্যাহত থাকলে উপসাগরীয় অঞ্চলে তাদের পাল্টা প্রতিক্রিয়া আরও তীব্র হবে বলে জানিয়েছে তেহরান। ইতোমধ্যে বাহরাইন, কুয়েত ও জর্ডানের দিকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এর ফলে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, ইরাকে মার্কিন সেনার নতুন করে মৃত্যুর ঘটনা যুক্ত রাষ্ট্র-ইরান সংঘাতকে আরও ভয়াবহ রূপ দিতে পারে। কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে এবং দুই পক্ষই এখন সামরিক সংঘর্ষের পথকে বেছে নিচ্ছে।

