Haimanti Shukla reaction
Bengal Liberty, Kolkata :
খবরটা যেন এখনও বিশ্বাস করতে পারছেন না কেউ (Haimanti Shukla reaction)। ভারতীয় সঙ্গীতের এক যুগের প্রতীক, সেই পরিচিত কণ্ঠ আশা ভোঁসলে,আজ আর নেই। ৯২ বছর বয়সে তাঁর চলে যাওয়া শুধু একজন শিল্পীর বিদায় নয়, যেন একটা সময়, একটা আবেগ, একটা যুগ হঠাৎ করেই থেমে গেল। দেশজুড়ে শোকের আবহ। এই শোক সংবাদে ভেঙে পড়েছেন বাংলা তথা ভারতের প্রবীণ সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা।

“এই তো সেদিনও অনুষ্ঠান করে ফিরলেন…” Haimanti Shukla reaction
সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা। তিনি বলেন, খুব সম্প্রতি বিদেশ সফর সেরে অনুষ্ঠান করে ফিরেছিলেন আশা ভোঁসলে। তাই হঠাৎ করে তাঁর না থাকার খবর যেন কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। বয়সজনিত সমস্যা থাকলেও এমন আকস্মিক বিদায় মানতে পারছেন না তিনি।

লতার পর আশাই ছিলেন ভরসা
তিনি আরও বলেন, লতা মঙ্গেশকরের মৃত্যুর পর সঙ্গীত জগতে আশাকেই অনেকেই অভিভাবকের মতো দেখতেন। তাঁর উপস্থিতি ছিল এক আশ্রয়ের মতো। আজ সেই জায়গাটাই শূন্য হয়ে গেল। তিনি বলেন “লতাদির চলে যাওয়ার পর আশাদি ছিলেন আমাদের সবার মাথার ওপর একটা বড় ভরসা। আজ মনে হচ্ছে মাথা থেকে ছাতাটা সরে গেল”।
প্রায় সাত দশকেরও বেশি সময় ধরে হাজার হাজার গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছেন আশা ভোঁসলে। হিন্দি থেকে বাংলা, মারাঠি থেকে গুজরাটি ২০টিরও বেশি ভাষায় তাঁর কণ্ঠ ছড়িয়ে পড়েছে। তাঁর গাওয়া ‘দম মারো দম’, ‘চুরা লিয়া হ্যায় তুমনে’ কিংবা বাংলা গানের মধ্যে ‘আজ এই দিনটাকে’ সবই আজও সমান জনপ্রিয় এবং প্রজন্মের পর প্রজন্মের কাছে অমলিন। অন্যদিকে ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দাদাসাহেব ফালকে সম্মান, পদ্মবিভূষণসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন এক চলমান ইতিহাস একটা আবেগ, একটা সময়ের প্রতীক। আজ তাঁর বিদায়ে শুধু একজন গায়িকার মৃত্যু নয়, যেন সুরের এক যুগের শেষ অধ্যায় লেখা হল।
