Amit Shah
Bengal Liberty, ২১ এপ্রিল :
“মমতা দিদির সব গুন্ডারা কান খুলে শুনে রাখো, ২৩ তারিখে যদি কোনও ভোটারকে বিরক্ত করো, তা হলে ৫ তারিখে উল্টো ঝুলিয়ে দেব।” ঠিক এই ভাষাতেই কার্শিয়াং ও কুলটির পর মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে খড়্গহস্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নারী নিরাপত্তা, সিন্ডিকেট রাজ, দুর্নীতি থেকে শুরু করে আলুচাষিদের বঞ্চনা ও অনুপ্রবেশ-একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে রাজ্যে পালাবদলের কড়া ডাক দিলেন তিনি (Amit Shah)। সব শেষে হুংকার দিয়ে বলেন, “গুন্ডারা যে সব গরিবের টাকা খেয়েছে, তাদের কাছ থেকে সব হিসাব বুঝে নেব।”

নারী নিরাপত্তা ও আলুচাষিদের দুর্দশা নিয়ে সরব (Amit Shah)
রাজ্যে নারী সুরক্ষার বেহাল দশার অভিযোগ তুলে শাহ বলেন, “মমতা দিদির আমলে মা-বোনেরা সুরক্ষিত নন।” বিজেপি ক্ষমতায় এলে মাঝরাতেও মহিলাদের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পাবে না বলে তিনি আশ্বাস দেন। পাশাপাশি, আলুচাষিদের দুর্দশার জন্য সরাসরি রাজ্য সরকারকেই কাঠগড়ায় তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, ভিনরাজ্যে আলু পাঠাতে বাধা দিচ্ছে বর্তমান সরকার। বিজেপি এলে ৫ তারিখের পর চাষিরা ফসলের ন্যায্য দাম পাবেন এবং প্রতিটি মণ্ডলে কোল্ড স্টোরেজ তৈরি হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

সিন্ডিকেট, দুর্নীতি ও অনুপ্রবেশ নিয়ে তোপ (Amit Shah)
আমপান ও রেশনের টাকা আত্মসাতের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর তোপ, গরিবের টাকা যারা খেয়েছে, তাদের কাছ থেকে কড়ায়-গণ্ডায় হিসাব বুঝে নেওয়া হবে। শালবনি এলাকার সিন্ডিকেট রাজ এবং বালি মাফিয়াদের উৎখাতের পাশাপাশি, যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে ৫ তারিখের পর দেশ থেকে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়ার ডাক দেন তিনি। আগামী ২৩ তারিখের নির্বাচনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করে শাহের চরম হুঁশিয়ারি, “৪ তারিখের পর এই গুন্ডাদের খুঁজে বার করে জেলে ভরব।”
