IPAC
Bengal Liberty, Kolkata:
আইপ্যাক মামলাকে ঘিরে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল দেশের শীর্ষ আদালত (IPAC Case)। তদন্ত চলাকালীন কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর সরাসরি সেখানে গিয়ে উপস্থিত হওয়া বা হস্তক্ষেপ করা মোটেই কাম্য নয় বলে স্পষ্ট জানিয়ে দিল ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় (IPAC Case)।

মুখ্যমন্ত্রী একাজ করবে কেউ কল্পনা করেনি – সুপ্রিম কোর্ট (IPAC Case)
আদালতের মতে, এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগজনক হতে পারে। শুনানির সময় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এই মামলা কেন্দ্র ও রাজ্যের কোনও সংঘাতের বিষয় নয়। বরং এটি একটি তদন্ত সংক্রান্ত বিষয়, যেখানে আইন প্রয়োগকারী সংস্থাগুলি তাদের দায়িত্ব পালন করছে। সেই সময় একজন মুখ্যমন্ত্রীর হঠাৎ করে সেখানে উপস্থিত হওয়া বা তদন্তে হস্তক্ষেপ করা গণতান্ত্রিক কাঠামোর পক্ষে ঠিক নয়। তিনি মন্তব্য করেন, ‘কেউই কখনও কল্পনা করতে পারেননি যে, এই দেশে এমন একটা দিন আসবে যখন কোনও বর্তমান মুখ্যমন্ত্রী অন্য একটি তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করবেন।’ আদালত আরও মন্তব্য করে, “এভাবে গণতন্ত্রকে বিপন্ন করা যায় না এবং তদন্তের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা যায় না।” এই প্রসঙ্গে উঠে আসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।

বারবার তদন্তে বাধার মুখে ইডি আধিকারিকরা (IPAC Case)
শুনানির সময় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আদালতের নজরে আসে। তদন্ত করতে গিয়ে ইডির আধিকারিকদের বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ ওঠে। এমনকি কয়েকজন বিচারিক আধিকারিককে আটকে রাখা এবং তাঁদের উপর কার্যত আক্রমণের ঘটনাও আদালতে উল্লেখ করা হয়। এই প্রসঙ্গে বিচারপতিরা প্রশ্ন তোলেন, যখন একটি বিধিবদ্ধ সংস্থা তাদের দায়িত্ব পালন করছে এবং আদালতের নির্দেশে তদন্ত চলছে, তখন সেই তদন্তে বাধা সৃষ্টি করা বা আধিকারিকদের উপর হামলার অভিযোগ কতটা যুক্তিযুক্ত। আদালত আরও জানায়, সুপ্রিম কোর্ট কোনও ঘটনার বিচার করার সময় তার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটও বিবেচনা করে। তবে তদন্ত প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ হলে তা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক বার্তা দেয়। তাই এমন পরিস্থিতি তৈরি না করার জন্য সতর্ক বার্তাও দেয় শীর্ষ আদালত।

আইপ্যাক কর্ণধারের বাড়িতে তল্লাশি চালানোর সময় বাধা মুখ্যমন্ত্রীর (IPAC Case)
উল্লেখ্য, আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সংস্থার অফিসে তল্লাশি চালানোর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যান বলে অভিযোগ ওঠে। সেই ঘটনাকেই কেন্দ্র করে আদালতে তীব্র বিতর্ক শুরু হয়। শুনানির সময় আদালতে সংবিধান প্রণেতা বি. আর. আম্বেদকরের চিন্তাধারার কথাও উঠে আসে। বিচারপতি মিশ্র বলেন, সংবিধানের রচয়িতারা হয়তো কখনও ভাবেননি যে একদিন এমন পরিস্থিতি তৈরি হবে, যেখানে একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী সরাসরি তদন্তের মাঝখানে গিয়ে হস্তক্ষেপ করবেন। তাঁর মতে, এই ধরনের পরিস্থিতি গণতান্ত্রিক পরিকাঠামোর জন্য শুভ লক্ষণ নয়।
সব মিলিয়ে আইপ্যাক মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক উসকে দিয়েছে। তদন্ত সংস্থার স্বাধীনতা, রাজ্য সরকারের ভূমিকা এবং গণতান্ত্রিক কাঠামোর ভারসাম্য—এই তিনটি বিষয়ই এখন এই মামলার কেন্দ্রে উঠে এসেছে।
