Election Tribunal
Bengal liberty desk,22 এপ্রিল :
ভোট শুরুর মাত্র ৪৮ ঘণ্টা আগে কাটল আইনি জট। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে যে দীর্ঘ লড়াই চলছিল, তাতে বড় পদক্ষেপ নিল ট্রাইব্যুনাল। মঙ্গলবার রাতে প্রকাশিত ‘সাপ্লিমেন্টারি লিস্ট’ অনুযায়ী, মোট ১৩৯ জন আবেদনকারী তাঁদের হারানো ভোটাধিকার ফিরে পেয়েছেন। অর্থাৎ, আগামীকাল বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে এই ১৩৯ জনও লাইনে দাঁড়িয়ে নিজেদের রায় দিতে পারবেন।

অনিশ্চয়তা কাটিয়ে এল সুখবর Election Tribunal
মঙ্গলবার সকাল পর্যন্ত পরিস্থিতি ছিল বেশ থমথমে। ডায়মন্ড হারবার রোডের জলসম্পদ ভবনে ১৯টি ট্রাইব্যুনালে যখন শুনানি চলছিল, তখন বাইরে ভিড় করেছিলেন উদ্বিগ্ন বহু মানুষ। সবার মনে একটাই প্রশ্ন ছিল— ‘২৩ তারিখ ভোট দিতে পারব তো?’ বিশেষ করে যাঁদের নাম ‘ডিলিটেড’ বা বাদ দেওয়া হয়েছিল, তাঁদের কাছে কোনো স্পষ্ট তথ্য ছিল না। অবশেষে মঙ্গলবার রাতে ট্রাইব্যুনাল প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করায় সেই ধোঁয়াশা পরিষ্কার হয়।
কমিশন ও ট্রাইব্যুনালের রিপোর্ট Election Tribunal
সূত্রের খবর, মোট ৬৫০টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১৩৯ জন ভোটারের নাম তালিকায় যুক্ত করা হয়েছে। মজার বিষয় হলো, এই ৬৫০ জনের মধ্যে এমন কিছু ভোটারও ছিলেন যাঁদের নাম চূড়ান্ত তালিকায় আগেই উঠে গিয়েছিল। কিন্তু দুশ্চিন্তার চোটে তাঁরা আবারও ট্রাইব্যুনালে আবেদন করে ফেলেছিলেন। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাঁদের নাম যেহেতু তালিকায় আছে, তাই ভোট দিতে কোনো বাধা নেই।স্ক্রুটিনির পর কিছু আবেদনকারীর নাম চূড়ান্তভাবে বাদও দেওয়া হয়েছে। তবে পূর্ণাঙ্গ রিপোর্ট বুধবার বিকেলের দিকে আসতে পারে।

প্রথম দফার ভোটার সংখ্যা:
এই ১৩৯ জনের নাম যুক্ত হওয়ার পর প্রথম দফার ভোটে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ৩১০ জন। বৃহস্পতিবার রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। বুথগুলিতে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, তার জন্য এই নতুন তালিকার হার্ড কপি ইতিমধ্যেই পাঠানোর কাজ শুরু করে দিয়েছে কমিশন।
দ্বিতীয় দফার সুযোগ:
যাঁরা প্রথম দফায় নাম তুলতে পারলেন না, তাঁদের জন্য সুযোগ শেষ হয়ে যায়নি। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে আবেদন করার সময় রয়েছে। ফলে দ্বিতীয় দফার ভোটের আগে আরও কিছু ভোটারের নাম তালিকায় ফেরার সম্ভাবনা উজ্জ্বল।
