Bihar election
Bengal liberty : পূর্ব ঘোষণা অনুযায়ী অবশেষে প্রকাশিত হল বিহার বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা। দুই মাসের বেশি সময় ধরে এসআইআর প্রক্রিয়া চলার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। নির্বাচন সূত্রে খবর, বিহারে বর্তমান বৈধ ভোটারের সংখ্যা ৭ কোটি ৪২ লক্ষ। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে শুধুমাত্র এই বৈধ ভোটররাই ভোট দিতে পারবেন।
বিহারে ১২ টি স্বীকৃত রাজনৈতিক দলকে চূড়ান্ত ভোটার তালিকার কপি পাঠিয়েছে কমিশন বলেই খবর মিলেছে। https://voters.eci.gov.in/ লিঙ্কে প্রবেশ করে তালিকায় নাম রয়েছে কি না তা পাবেন ভোটাররা।

ঝাড়াই-বাছাই পর্ব (Bihar SIR)
স্পেশাল ইনটেন্সিভ রিভিশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ৬৫ লক্ষ অযোগ্য ভোটারের নাম বাদ গিয়েছিল। গত পয়লা আগস্ট ৭ লক্ষ ২৪ হাজার ভোটারের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর মূলত ভোটারদের থেকে পাওয়া অভিযোগ খতিয়ে দেখে যে ঝাড়াই-বাছাই পর্ব চলে। তাতে ৩ লক্ষ ৬৬ হাজার অযোগ্য ভোটারের নাম বাদ দেওয়া হয়।
পাশাপাশি যোগ্য ভোটারদের আবেদনের ভিত্তিতে ২১ লক্ষ ৫৩ হাজার ভোটারের নাম খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এই সামগ্রিক প্রক্রিয়ার শেষে, পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সেপ্টেম্বর মাসের শেষ দিনে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।
ভারতীয় সংবিধানের ৩২৬ অনুচ্ছেদ অনুযায়ী শুধুমাত্র যোগ্য ভোটাররাই যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকেন এই লক্ষ্যকে সামনে রেখেই বিহার বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।
