World Cup Conflict
Bengal Liberty, ২৪ মে ২০২৬ :
বিশ্বকাপ (World Cup Conflict) শুরু হতে মাত্র ১৮ দিন বাকি। সমস্ত অংশগ্রহণকারী দেশ চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত। এবারের বিশ্বকাপ পূর্ববর্তী সমস্ত বিশ্বকাপের তুলনায় অনেক ক্ষেত্রেই বিশ্বজনীন। সে প্রথমবারের জন্য তিনটি আয়োজক দেশ হোক কিংবা দলের সংখ্যা এক লাফে ৩২ থেকে ৪৮-এ পৌঁছানো— সব মিলিয়ে এবারের ফুটবল বিশ্বকাপ সূচনার আগেই মহামঞ্চে পরিণত হয়েছে। কিন্তু এরই মধ্যে একটি সংবাদ বিতর্কের জন্ম দিয়েছে, যা বিশ্বকাপের ভবিষ্যৎ কোন দিকে মোড় নিতে পারে।

ইরান বনাম আমেরিকার সংঘাত (World Cup Conflict):
২৮ ফেব্রুয়ারি থেকে চলা মধ্যপ্রাচ্যের যুদ্ধের এখনও অবধি কোনও নিষ্পত্তি হয়নি। সমান ভাবে যুদ্ধের আঁচ তীব্র থেকে তীব্রতর হয়েছে। এরই মধ্যে বিশ্বকাপের অনুশীলন ঘাঁটি আমেরিকা থেকে সরিয়ে নিয়ে প্রতিবেশী আরেক রাষ্ট্র তথা আয়োজক দেশ মেক্সিকোয় নিয়ে গিয়েছে ইরানের জাতীয় ফুটবল দল। যদিও ইরানের সমস্ত ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, কিন্তু তা সত্ত্বেও মেক্সিকোর মাটিতে অনুশীলন ঘাঁটি করে নতুন বিতর্কের জন্ম দিল ইরানের ফুটবল দল। যেহেতু মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে আমেরিকার হাতে ইরানের সর্বাধিনায়ক আয়াতুল্লাহ খেমেইনেইয়ের নিহত হয়েছেন। সঙ্গে বহু সেনাবাহিনীর জওয়ান থেকে ইরানের সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। তাই প্রতিবাদবশতই, নিজেদের অনুশীলন ঘাঁটি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত প্রসঙ্গে ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মেহদি তাজের বক্তব্য অবশ্য ভিন্ন। তাঁর কথায়, ‘‘ভিসা পাওয়া নিয়ে তৈরি হওয়া সমস্যার জন্য আমরা প্রস্তুতি শিবির আমেরিকা থেকে মেক্সিকোয় সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করেছিলাম। ফিফা সেই আবেদন মঞ্জুর করেছে। আমরা প্রশান্ত মহাসাগরের কাছে তিজুয়ানায় শিবির করব। এই শহরটির কিছুটা অংশ আমেরিকার মধ্যে থাকলেও প্রশাসনিক ভাবে মেক্সিকোর অন্তর্গত। সেখানে শিবিরের সব আয়োজন করা হয়েছে।’’ ভিসা সমস্যার সমাধানের পাশাপাশি যাতায়াতের ক্ষেত্রেও সুবিধা হবে বলে জানিয়েছেন তাজ। সঙ্গে তাঁর আরও বক্তব্য, “মেক্সিকোয় শিবির হলে ইরান এয়ারের বিমানে যাওয়ার সুযোগ থাকবে।”

ইরানের বিশ্বকাপে প্রতিপক্ষ (World Cup Conflict):
গ্রুপ – জি-তে ১৬ জুন ইরানের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ অল হোয়াইটস বলে বিখ্যাত নিউজিল্যান্ড দল। তারপর ২২ জুন শক্তিশালী প্রতিপক্ষ বেলজিয়ামের বিরুদ্ধে নামবে ইরান। ২৭ জুন মহম্মদ সালাহর মিশরের বিরুদ্ধে শেষ হবে ইরানের গ্রুপ পর্বের খেলা। পরবর্তী রাউন্ডে ইরান প্রবেশ করে কি না, সেটা তো সময়ই বলবে। আর্জেন্টিনা হোক কিংবা পর্তুগাল ইরানের ফুটবল দল সব সময় কড়া প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার আগেই খেলার ময়দানেও যুদ্ধের আঁচ বেশ ভালো রকম ভাবেই অনুভব করা যাচ্ছে।
আরও পড়ুন:
বিশ্বকাপের মঞ্চে কিংবদন্তী খেলোয়াড় দের বিদায় আবেগে গোটা ফুটবল বিশ্ব!

