Gosaba Cut Money Return
Bengal Liberty, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্য রাজনীতিতে পালাবদলের জল্পনার আবহের মধ্যেই এবার গোসাবায় সামনে এল কাটমানি ফেরতের ঘটনা। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা পরিতোষ হালদারের নির্দেশে এলাকার এক বাসিন্দার কাছ থেকে জোর করে ৮০ হাজার টাকা তোলা হয়েছিল। পরে সেই টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে গোটা এলাকায় শুরু হয়েছে তুমুল চর্চা।
ঘটনাটি ঘটেছে গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্তোষ জানা নামে এক বাসিন্দার কাছ থেকে কয়েক মাস আগে বিভিন্ন কাজের প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়। অভিযোগ, পরিতোষ হালদারের ঘনিষ্ঠ বলে পরিচিত পরিতোষ দাস ওই টাকা সংগ্রহ করেছিলেন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় চাপা ক্ষোভ ছিল বলে দাবি স্থানীয়দের।

পরিবর্তনের হাওয়ায় চাপ বাড়ছে স্থানীয় নেতৃত্বের উপর (Gosaba Cut Money Return)
সম্প্রতি এলাকায় এই অভিযোগ নতুন করে প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। বিরোধীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করে কাটমানি ও তোলাবাজির রাজনীতি চালানো হয়েছে। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রবিবার রাতে শম্ভুনগর এলাকায় সন্তোষ জানার হাতে নগদ ৮০ হাজার টাকা ফিরিয়ে দেন পরিতোষ দাস। স্থানীয়দের উপস্থিতিতেই এই টাকা ফেরত দেওয়া হয় বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় নানা জল্পনা শুরু হয়েছে। অনেকের দাবি, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সম্ভাবনা তৈরি হওয়ায় এখন একের পর এক কাটমানির টাকা ফেরত দেওয়ার ঘটনা সামনে আসছে।


পুরনো অভিযোগ ফের সামনে আসতেই উত্তেজনা (Gosaba Cut Money Return)
স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, এতদিন ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি। কিন্তু বর্তমানে প্রশাসনিক কড়াকড়ি বাড়ায় এবং রাজনৈতিক পরিস্থিতি বদলের ইঙ্গিত মিলতেই পুরনো অভিযোগ সামনে আসতে শুরু করেছে। তাঁদের দাবি, শুধু এই একটি ঘটনা নয়, আগামী দিনে আরও একাধিক আর্থিক লেনদেন ও কাটমানির অভিযোগ প্রকাশ্যে আসতে পারে।
Janatar Darbar : মানুষের অভিযোগ শোনাই মুখ্যমন্ত্রী Suvendu Adhikari র সবচেয়ে বড় পদক্ষেপ | Bengal Liberty@SuvenduWB @BJP4Bengal #SuvenduAdhikari #suvenduadhikaribjp #WestBengalCM #JanatarDarbar #BengalLiberty pic.twitter.com/ShkkZEikuP
— Bengal Liberty (@bengalliberty1) May 25, 2026
ঘটনাকে কেন্দ্র করে গোসাবা জুড়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে শাসকদলকে নিশানা করেছে। অন্যদিকে, তৃণমূলের স্থানীয় নেতৃত্বের একাংশ বিষয়টি এড়িয়ে গেলেও এলাকায় কাটমানি ফেরতের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

