NarendraPur Fire
Bengal Liberty, ২৬ মে :
মঙ্গলে অমঙ্গলের কালো ছায়া। আজ, মঙ্গলবার সকালের ব্যস্ততার মাঝেই হঠাৎ কালো ধোঁয়ায় ঢেকে গেল নরেন্দ্রপুরের রামচন্দ্রপুর এলাকা (NarendraPur Fire)। আগুন লাগে একটি কারখানায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান গ্রাস করে ওই কালি তৈরির কারখানাকে। কারখানার ভিতরে মজুত দাহ্য রাসায়নিকের জেরে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। আপাতত হতাহতের খবর না মিললেও, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনা এলাকায় (NarendraPur Fire)।

নরেন্দ্রপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড (NarendraPur Fire)
মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত রামচন্দ্রপুর এলাকায় একটি কালি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই কারখানায় কাজ চলছিল। আচমকাই কারখানার ভিতর থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, কারখানাটিতে প্রতিমা তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন দাহ্য রাসায়নিক ও কাঁচামাল মজুত ছিল। সেই কারণেই মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। পরে আরও ইঞ্জিন পাঠানো হয় বলেও জানা গেছে। তবে কারখানার ভিতরে বিপুল পরিমাণ রাসায়নিক থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।
তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট কিংবা অসতর্কতাবশত কোনও আগুনের উৎস থেকেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। আপাতত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে।

অপরদিকে উলুবেড়িয়ার বাউড়িয়ায় নর্থ জুট মিলে সোমবার গভীর রাতে লাগা আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। মিলের বি-ওয়ান বিভাগ ও বেল গোডাউনে মজুত বিপুল পরিমাণ পাটে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ছ’টি ইঞ্জিন টানা প্রায় ১০ ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা চালালেও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে।

