TMC Office Aadhaar Card
Bengal liberty, 28 মে, কলকাতা:
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বন্ধ ছিল কার্যালয়টি (TMC Office Aadhaar Card)। বুধবার রাতে কলকাতার ট্যাংরা থানা এলাকার ইস্ট কুলিয়া রোডের ওই তালাবন্ধ তৃণমূল কার্যালয়ে ঢোকেন স্থানীয় বাসিন্দারা। সেখানে থাকা একটি আলমারির দরজা খুলতেই চক্ষু চড়কগাছ সবার। আলমারি থেকে হুড়মুড় করে মাটিতে এসে পড়ে রাশি রাশি আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড। দলীয় কার্যালয় থেকে এভাবে গুচ্ছ গুচ্ছ পরিচয়পত্র উদ্ধারের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে বেলেঘাটা বিধানসভা এলাকার ৫৭ নম্বর ওয়ার্ডে।

পার্টি অফিসে কেন সাধারণ মানুষের কার্ড? TMC Office Aadhaar Card
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই কার্যালয়ে আগে বসতেন তৃণমূল পুরসদস্য জীবনকুমার সাহা। কিন্তু গত ৪ মে ফল ঘোষণার পর থেকে এখানে ওই দলের কাউকে দেখা যায়নি। আলমারি ভেঙে উদ্ধার হওয়া নথিপত্রের মধ্যে বহু স্থানীয় মানুষের আসল আধার কার্ড রয়েছে। খবর পেয়ে বহু মানুষ অফিসের সামনে ভিড় জমান।এক বাসিন্দা ক্ষোভ উগরে দিয়ে জানান, অনেক কাঠখড় পুড়িয়ে মেয়ের আধার কার্ড তৈরি করালেও তা হাতে পাননি.।ডাকঘর থেকে কার্ড আসলেও তৃণমূলের লোকজন তা জোর করে নিজেদের কাছে রেখে দিত বলে অভিযোগ।

কার্ড দিয়ে কি চলত জালয়াতি? উঠছে প্রশ্ন
বিজেপি কর্মী ও স্থানীয় বাসিন্দাদের একাংশের স্পষ্ট অভিযোগ, এই আসল কার্ডগুলো আটকে রেখে ভোটের সময় নিজেদের কাজে লাগাত স্থানীয় তৃণমূল কর্মীরা। কেউ কেউ আবার ভুয়ো ভোটার কার্ড তৈরির আশঙ্কাও প্রকাশ করেছেন। ঘটনার খবর পেয়েই পুলিশ এসে পৌঁছায় এবং বিপুল পরিমাণ পরিচয়পত্র বাজেয়াপ্ত করে নিয়ে যায়।

রাজ্যজুড়ে একই ছবি, ক্ষুব্ধ আমজনতা
ট্যাংরার এই ঘটনা অবশ্য বিচ্ছিন্ন নয়। রাজ্যে ক্ষমতা বদলের পর থেকেই বিভিন্ন প্রান্তে তৃণমূল কার্যালয় থেকে এমন নথিপত্র উদ্ধারের হিড়িক পড়েছে। এর আগে বিধাননগরের বাসন্তীদেবী কলোনির ৩৬ নম্বর ওয়ার্ডের পার্টি অফিস থেকে ৫০টিরও বেশি আধার কার্ড এবং তমলুকের বুড়ারি বাজারের অফিস থেকে প্রচুর রেশন কার্ড উদ্ধার হয়েছিল। সর্বত্রই সাধারণ মানুষের এক অভিযোগ— পিওন বাড়িতে দেওয়ার আগেই কার্ড ছিনিয়ে নেওয়া হতো। এই উদ্ধার হওয়া কার্ডগুলো আসল নাকি এর পেছনে কোনো বড়সড় ভুয়ো চক্র কাজ করছিল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

