India Bangladesh Border
Bengal Liberty, ৩ জুন,কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও নিশ্ছিদ্র করতে এবং পরিকাঠামো শক্তিশালী করতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ-এর হাতে আরও প্রায় ৩২ একর সরকারি জমি চিরস্থায়ীভাবে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ, বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সীমান্ত বেড়া নির্মাণ ও নতুন সীমান্ত চৌকি গড়ার জন্য এই বিপুল পরিমাণ জমি হস্তান্তরের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

কোন জেলায় কত জমি পেল বিএসএফ? (India Bangladesh Border)
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী দিলীপ ঘোষ জানান, সীমান্তবর্তী জেলাগুলির নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যেই মোট ৩১.৯০৫ একর জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এর পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালদা, নদিয়া ও কোচবিহার এই তিন সীমান্ত জেলায় তিনটি নতুন সীমান্ত চৌকি বা বর্ডার আউটপোস্ট নির্মাণের জন্য আরও ১.৫৩ একর জমি দেওয়া হচ্ছে।
উত্তর দিনাজপুর জেলার ১১টি স্ট্র্যাটেজিক বা গুরুত্বপূর্ণ স্থানে সীমান্ত বেড়া নির্মাণ ও অন্যান্য সুরক্ষামূলক কাজের জন্য বিএসএফ-এর অনুকূলে আরও ১২.৭২ একর সরকারি জমি হস্তান্তরের প্রস্তাবে সিলমোহর দিয়েছে ক্যাবিনেট।

রেল প্রকল্পের জন্য চা-বাগানের জমি (India Bangladesh Border)
সীমান্ত সুরক্ষার পাশাপাশি এদিনের বৈঠকে উত্তরবঙ্গের রেল পরিকাঠামো নিয়েও একটি বড় সিদ্ধান্ত হয়েছে। ডুয়ার্সের নাগরাকাটার বামনডাঙা চা-বাগান এলাকায় ২০ একর সরকারি জমি উত্তর-পূর্ব সীমান্ত রেলের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মূলত ‘সেবক-রংপো’ ব্রডগেজ রেল প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্ষতিপূরণমূলক বনসৃজন কর্মসূচির জন্য এই জমি ব্যবহার করা হবে। পরে এই ২০ একর জমি বন দপ্তরের হাতে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

