Kolkata Police
Bengal Liberty: নিয়োগের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সিঁথি থানার ওসি (অফিসার ইন চার্জ) পদ থেকে সরিয়ে দেওয়া হল ইনস্পেক্টর চামেলি মুখোপাধ্যায়কে। কলকাতা পুলিশের ৩৩ জন ইনস্পেক্টরের রদবদলের নির্দেশিকা জারির দু’দিনের মাথায় এমন সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে ব্যাপক জল্পনা ও বিতর্ক (Kolkata Police)।


কী ঘটেছিল? (Kolkata Police)
দীর্ঘ ১৬ বছর পর গত বৃহস্পতিবার কলকাতা পুলিশের ইতিহাসে মাইলফলক তৈরি করে সিঁথি ও সরশুনা—এই দুই থানার দায়িত্ব দেওয়া হয়েছিল দুই মহিলা ইনস্পেক্টরকে। ২০০৪ ব্যাচের অত্যন্ত অভিজ্ঞ অফিসার চামেলি মুখোপাধ্যায়কে সিঁথি থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু শনিবারই লালবাজারের এক নতুন নির্দেশিকায় জানানো হয়, চামেলি মুখোপাধ্যায়কে সিঁথি থানা থেকে সরিয়ে ফের উল্টোডাঙা মহিলা থানায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে আমহার্স্ট স্ট্রিট মহিলা থানার ইনস্পেক্টর শৃঙ্খলা শর্মাকে।

কেন এই হঠাৎ রদবদল?
প্রশাসনিক কারণ হিসেবে দায় এড়িয়ে গেলেও, পুলিশ মহলে এই বদলি ঘিরে শুরু হয়েছে জোর গুঞ্জন। পুলিশ কর্মীদের একাংশের দাবি, গিরিশ পার্ক থানায় থাকাকালীন শাসকদলের এক বিধায়কের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন চামেলি। সেই পুরনো বিবাদের জেরেই তাঁকে এত দ্রুত সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
অভিজ্ঞতার নিরিখে কলকাতার ১২টি থানায় কাজ করা চামেলি মুখোপাধ্যায় অন্যান্যদের চেয়ে এগিয়ে থাকলেও, তাঁর কাজের সুযোগ না দিয়েই এমন সরানোর সিদ্ধান্ত বাহিনীর অন্দরে ভুল বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেকে। যদিও লালবাজারের দাবি, এটি সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। তবে পুলিশি বাহিনীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগের ৪৮ ঘণ্টার মধ্যে এই রদবদল নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না।
আরও পড়ুন
Ajker Rashifal: রবিবারের দিনটি কেমন কাটবে ১২টি রাশির জাতকদের

