Baruipur
Bengal Liberty
বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুন মামলার তদন্তে(Baruipur) আরও এক ধাপ এগোল পুলিশ। ধৃত তিন অভিযুক্তের ডিএনএ (DNA) নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীদের মতে, ফরেনসিক রিপোর্টের ফলাফল এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করবে। বর্তমানে তিন অভিযুক্তই পুলিশ হেফাজতে রয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে সংগৃহীত বিভিন্ন জৈব নমুনাও পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

তিন অভিযুক্ত পুলিশ হেফাজতে(Baruipur)
গত কয়েক দিন ধরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুরে। নিখোঁজ হওয়ার পর একটি পুকুরপাড় থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয়েছিল ১২ বছরের এক নাবালিকার ক্ষতবিক্ষত দেহ। অভিযোগ, ধর্ষণের পর তাকে নৃশংসভাবে খুন করা হয়। তদন্তে নেমে একে একে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর— জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্য, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামত এবং প্রযুক্তিগত প্রমাণের ভিত্তিতেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।


এদিকে, সম্প্রতি এই মামলার তদন্তকারী পুলিশ আধিকারিককে (IO) বদল করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তে আরও গতি আনতেই এই সিদ্ধান্ত। নতুন তদন্তকারী আধিকারিক দায়িত্ব নেওয়ার পর মামলার বিভিন্ন দিক নতুন করে খতিয়ে দেখছেন।
তদন্তকারীদের মতে, ডিএনএ পরীক্ষার রিপোর্ট এলে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নমুনার সঙ্গে অভিযুক্তদের নমুনা মিলিয়ে দেখা হবে। সেই রিপোর্ট আদালতে অত্যন্ত জোরালো বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে পেশ করা সম্ভব হবে। এই নৃশংস ঘটনার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভের আবহ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলও দ্রুত তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এখন ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার রিপোর্ট এবং তদন্তের পরবর্তী অগ্রগতির দিকেই নজর সকলের।

