Sector V
Bengal Liberty
নতুন নির্দেশে বিপাকে ব্যবসায়ী, ভোগান্তির আশঙ্কা কর্মীদের(Sector V) নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যজুড়ে বেআইনি দখলমুক্ত করা এবং অস্থায়ী ফুটপাতের দোকানের ওপর কড়া নজরদারির নির্দেশ জারি হয়েছে। এবার সেই কড়াকড়ির প্রভাব পড়ল সল্টলেকের সেক্টর ফাইভে। বিধাননগর পুরসভার নতুন নির্দেশিকাকে ঘিরে অনিশ্চয়তায় পড়েছেন শতাধিক অস্থায়ী দোকানদার।

নতুন নির্দেশে বিপাকে ব্যবসায়ী, ভোগান্তির আশঙ্কা কর্মীদের(Sector V)
পুরসভার নির্দেশ অনুযায়ী, রাস্তার ধারে ও ফুটপাতে থাকা অস্থায়ী দোকানগুলিতে আর প্লাস্টিক বা ত্রিপলের ছাউনি ব্যবহার করা যাবে না। দোকান চালাতে শুধুমাত্র ছাতা ব্যবহার করার অনুমতি থাকবে। পাশাপাশি, দোকানে কোনও গ্যাস সিলিন্ডার, উনুন বা আগুন জ্বালিয়ে রান্না করা যাবে না; বাড়ি থেকে খাবার তৈরি করে এনে বিক্রি করতে হবে। এমনকি চা তৈরি করার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অভিযোগ, মাত্র দু’দিনের মৌখিক নোটিশ দিয়েই একাধিক দোকান সরিয়ে নেওয়ার কথা জানানো হয়েছে।


এই নির্দেশিকায় চরম বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাঁদের দাবি, কোনও পূর্ব আলোচনা বা বিকল্প ব্যবস্থা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়ায় কয়েকশো মানুষের জীবিকা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। বহু পরিবার এই ছোট দোকানের আয়ের ওপর নির্ভরশীল। নতুন নিয়ম কার্যকর হলে অনেকের পক্ষেই ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে, সেক্টর ফাইভে প্রতিদিন হাজার হাজার তথ্যপ্রযুক্তি কর্মী কাজ করেন। তাঁদের একটি বড় অংশ নিয়মিত এই অস্থায়ী দোকানগুলির খাবারের ওপরই নির্ভরশীল। ফলে দোকান কমে গেলে বা পরিষেবা ব্যাহত হলে, কর্মীদেরও দৈনন্দিন খাবার নিয়ে সমস্যায় পড়তে হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ব্যবসায়ীদের দাবি, প্রশাসন আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করুক, যাতে শহরের সৌন্দর্য বজায় রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা এবং কর্মজীবী মানুষের প্রয়োজন—দুটিই রক্ষা পায়।

